২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবদল নেতা খুন, অভিযোগ পুলিশের দিকে

যশোরের মণিরামপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদ সদস্য ও যুবদল নেতা খুন হয়েছেন।

শিকদার খালিদ

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 06:16 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

বৃহস্পতিবার যশোর সদর উপজেলার মানিকদিহি গ্রামে রেললাইনের পাশে মেজবাহউদ্দিন চন্টুর (৪০) লাশ পাওয়া যায়।

চন্টু মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের রাশেদ বিশ্বাসের ছেলে এবং খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। খেদাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতিও ছিলেন তিনি।

চন্টুর স্বজনদের দাবি, বিভিন্ন মামলায় গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। মৃত্যুর দুদিন আগ থেকে তিনি পুলিশের হেফাজতে ছিলেন।

তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

যশোর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, সকালে এলাকাবাসী মানিকদিহি গ্রামে রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে দশটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।

দুপুরে মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহত চন্টুর ভাই রুহুল কুদ্দুস মন্টু লাশ শনাক্ত করেন বলে জানান মনিরুজ্জামান।

নিহতের ভাই রুহুল কুদ্দুস মন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমান সরকারের বেশিরভাগ সময় তার ভাই চন্টু আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার ঢাকার মগবাজার থেকে চন্টুকে আটক করে পুলিশ। এর পরদিন যশোর ডিবি পুলিশ তাকে হেফাজতে নেয়।

তিনি বলেন, বুধবার দুপুরে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফয়েজ আহমেদ, জেলা পুলিশের মুখপাত্র ও সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন, ডিবির ওসি মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা সবাই চন্টু নামে কাউকে আটকের কথা অস্বীকার করেন।

মন্টু আরও জানান, বুধবার সারাদিন এবং বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত চন্টুকে যাতে ডিবি আদালতে হাজির করে সে তদবিরে ছোটাছুটি করেন তিনি।

সরকারি দলের বেশ কয়েক নেতার মাধ্যমে তিনি খানিকটা আশ্বস্তও হন যে, ডিবি তাকে আদালতে হাজির করবে।

অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, “ভাই আইজিপি মহোদয় যশোর আসছেন। আমরা সবাই প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। কোথাও কোনো লাশ পাওয়া গেছে বলে শুনিনি। জানতে পারলে জানাব।”

মণিরামপুর থানার ওসি মোল্যা খবির আহমেদ বলেন, “নিহত চন্টু মেম্বারের বিরুদ্ধে কৃষকলীগ নেতা শফি কামাল ও যুবলীগ নেতা শাহীন হত্যাসহ মোট ১৫টি মামলা আছে। আমরা তাকে খুঁজছিলাম। শুনলাম তার লাশ পাওয়া গেছে রেললাইনের ধারে।”