প্রার্থীর ‘ঋণ’ উসুলে সিইসির কাছে ব্যাংকের ধর্না
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার এক সপ্তাহ আগেই সম্ভাব্য এক প্রার্থীর ঋণের তথ্য জানিয়ে তা আদায়ে নির্বাচন কমিশনের দ্বারস্ত হয়েছে বেসরকারি একটি ব্যাংক।
তবে এখন এই বিষয়ে কিছু করার নেই জানিয়ে নির্বাচন কমিশন বলেছে, ওই ব্যক্তি প্রার্থী হলে তার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়ই তা পর্যালোচনার সুযোগ রয়েছে।
ইসিতে অভিযোগটি জানিয়েছে প্রিমিয়ার ব্যাংক। আর যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্ষমতাসীন দলের সম্ভাব্য মেয়র প্রার্থী সাঈদ খোকন।
বুধবার ওই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তার এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবার সাঈদ খোকনের নামে প্রিমিয়ার ব্যাংকের নালিশ ইসিতে আসে।
ইসিতে পাঠানো চিঠিতে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশিদ দাবি করেছেন, সাঈদ খোকনের কাছে তার ব্যাংকের ১১৮ কোটি টাকা পাওনা।
“জনাব মোহাম্মদ সাঈদ খোকনের কাছে ব্যাংকের বর্তমান পাওনা ঋণের ১১৮.৪৫ কোটি টাকা আদায়ের ব্যাপারে আপনার সাহায্য প্রার্থনা করছি। সাঈদ খোকন দেশের আইন ভঙ্গ করে আমাদের ব্যাংকের বকেয়া ঋণের ১০৩.৬৮ কোটি টাকা (ফান্ডেড) এবং ১৪.৭৭ কোটি টাকা (নন-ফান্ডেড) পরিশোধ না করে তার সিটি কর্পোরেশন (দক্ষিণ) মেয়র পদের জন্য আসন্ন নির্বাচনে অংশ নেওয়া আইন পরিপন্থি।”
বেশ আগে থেকে সাঈদ খোকন মেয়র প্রার্থিতার প্রচার চালিয়ে এলেও মনোনয়নপত্র জমা না হওয়া পর্যন্ত আইনগতভাবে ইসির কাছে তিনি প্রার্থী হিসেবে বিবেচিত নন। ফলে এক্ষেত্রে ইসির কিছ করার সুযোগ থাকে না।
তফসিল ঘোষণার আগেই টাকা উসুলে ব্যাংকটির এ অভিনব কৌশলে কমিশনের কর্মকর্তারাও বিস্ময় প্রকাশ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসির দায়িত্বশীল এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন নির্বাচন কমিশনে কিছু দিয়েও লাভ নেই, ইসির করারও কিছু নেই। প্রার্থী হলে তা রিটার্নিং কর্মকর্তা দেখবেন বাছাইকালে।
“ঋণ দেওয়ার সময় হুঁশ ছিল না। তারা ঋণ দিয়েছে, কিভাবে উদ্ধার করবে তা ব্যাংকের বিষয়। এখন ইসির ঘাড়ে দায় চাপাতে চায়!” ক্ষুব্ধ কণ্ঠে বলেন ওই কর্মকর্তা।
“ব্যাংক কি বলছে, না বলছে এগুলো যাচাই না করে বলা যায় না। সেটা তো আমাদের কাছে দিয়ে লাভ নেই। উনি যদি প্রার্থী হন তবে মনোনয়নপত্র বাছাইয়ের সময় তা রিটার্নিং কর্মকর্তার কাছে দেবে।”
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রিমিয়ার ব্যাংকের চিঠি পাওয়ার পর তা নির্বাচন সহায়তা শাখায় পাঠানো হয় পর্যালোচনার জন্য।
ইসি সচিবালয়ের নির্বাচন সহায়তা শাখা এই বিষয়ে আইন শাখার মতামত নেয়।
আইন শাখার যুগ্মসচিব মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের অভিযোগে আমাদের করার কিছু নেই। কেউ প্রার্থী হলেই মাত্র তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ রিটার্নিং কর্মকর্তা যাচাই করবেন। রিটার্নিং কর্মকর্তার যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করারও সুযোগ রয়েছে।”
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ মার্চ; অর্থাৎ এরপরই কাউকে প্রাথমিকভাবে প্রার্থী বলা যাবে। এরপর ১ ও ২ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই করার পর প্রার্থিতা চূড়ান্ত হবে।
প্রার্থীদের খেলাপি ঋণের তথ্য সংগ্রহে নির্বাচন কমিশন চিঠি দেওয়ার আগেই তাদের কাছে নালিশ আসার ঘটনা এটাই প্রথম ঘটল বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।
ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১২ সালে স্থগিত ডিসিসি নির্বাচনের সময়ও মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তখন তার বিরুদ্ধে ঋণখেলাপের কোনো অভিযোগ ওঠেনি।
প্রিমিয়ার ব্যাংকের দাবি, ২০০৩ সালে সাঈদ খোকন তার মালিকানাধীন এস এ্যান্ড এস কর্পোরেশন ও তার মা ফাতেমা খাতুনের মালিকাধীন ডি ডি করপোরেশনের নামে ১০৩.৬৮ কোটি টাকা ঋণ নেন।
তবে প্রিমিয়ার ব্যাংকের চিঠিতে বিস্ময় প্রকাশ করে সাঈদ খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা তার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের অংশ’।
“বিষয়টি আমি জানিও না। প্রিমিয়ার ব্যাংক আমাকে তো চিঠি দেয়নি, ইসিকে কেন দেবে এখন? আমার জানা মতে, আমি ঋণ খেলাপি নই, এ রকম কোনো কিছু নেই।”
ঋণ খেলাপিরা নির্বাচনে অযোগ্য। তফসিল ঘোষণার পর প্রার্থীদের ঋণের তথ্য জানতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নির্দেশনা পাঠায়। বাংলাদেশ ব্যাংক ঋণ প্রদানকারী ব্যাংকগুলো থেকে হালনাগাদ তথ্য সরবরাহ করে থাকে।
ইসি কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র দাখিলের আগে কোনো প্রার্থী খেলাপি ঋণ পুনঃতফসিল করলে নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই।
