সিরাজগঞ্জে ভটভটি উল্টে নারীর মৃত্যু, আহত ২০
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভটভটি উল্টে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অন্তত ২০ জন, যারা সবাই একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চিন্তা রানী সরকার (৫০) উপজেলার শোলাকুড়া গ্রামের মন্টু চন্দ্র সরকারের স্ত্রী।
আহতদের মধ্যে পাঁচজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বেলকুচি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
তিনি বলেন, হতাহতরা সবাই পরস্পরের আত্মীয়। তাদের বাড়ি শোলাকুড়া গ্রামে। উপজেলার মৌপুরে একটি বিয়ের অনুষ্ঠান শেষে ওই ভটভটিতে করে তারা ফিরছিলেন।
পথে কল্যাণপুর কবরস্থানের কাছে বেলকুচি-উল্লাপাড়া সড়কে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাহনটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
