বরিশালে ঠিকাদারি কাজ নিয়ে সংঘর্ষ
বরিশালের গৌরনদীতে ঠিকাদারি কাজ নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মাহিলাড়া এলাকায় গৌরনদী পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যান পক্ষের মধ্যে এ সংঘর্ষ থামাতে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে।
গৌরনদী থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মাহিলাড়া থেকে নলচিড়া পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটি সড়ক নির্মাণের কাজ নিয়ে পৌর মেয়র হারিছুর রহমানের বড় ভাইয়ের সঙ্গে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বাকবিতণ্ডা হয়।
এ নিয়ে দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে।
এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মজিবুর রহমানসহ অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান ওসি সাজ্জাদ।
পরে কাজটি করার জন্য আগ্রহ প্রকাশ করেন পৌর মেয়র হারিছুর রহমানও।
মঙ্গলবার সকালে মেয়রের বড় ভাই সড়কের কাজ করতে গেলে তিনি বাধা দেন।
তিনি অভিযোগ করেন, এর জের দরে মেয়রের নেতৃত্বে কয়েকশ’ সন্ত্রাসী ইউনিয়ন পরিষদ কার্যালয়, মাহিলাড়া ডিগ্রি কলেজসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায়।
পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান বলেন, মাহিলাড়া-নলচিড়া সড়কের চার কোটি ৩৪ লাখ টাকার কাজ দরপত্রের মাধ্যমে পেয়েছেন তার বড় ভাই ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আকবর হোসেন ফারুক।
এ সময় পিকলুর নেতৃত্বে সন্ত্রাসীরা আকবর হোসেন ফারুকের মোটরসাইকেল ভাংচুর এবং তাকে লাঞ্ছিত করে বলে অভিযোগ করেন তিনি।
মেয়র বলেন, “একই সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন খানকেও মারধর করে পিকলু বাহিনী। এতে ক্ষিপ্ত হয়ে গৌরনদীর সাধারণ মানুষ পিকলু ও তার সন্ত্রাসী বাহিনীকে ধাওয়া করে।”
তবে সেখানে কোনো ভাংচুরের ঘটনা ঘটেনি বলে দাবি পৌর মেয়র হারিছুর রহমানের।
