মতিঝিলে অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ দমকল কর্মকর্তা
রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলে বহুতল একটি ভবনে আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর এক কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েছেন।
তার নাম রফিকুল ইসলাম। দমকল বাহিনীর ঢাকা জেলা কার্যালয়ের এই সহকারী পরিচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মতিঝিলের ইউনুস টাওয়ার সংলগ্ন একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন লাগে।
দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন নেভানোর সময় প্রচণ্ড ধোঁয়ায় রফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।”
সন্ধ্যা ৭টা পর্যন্ত দমকল বাহিনীর নয়টি ইউনিট ও ৪/৫টি কমান্ড কার (ঘটনা পরিদর্শনের কাজে ব্যবহার হওয়া গাড়ি) আগুন নেভাতে কাজ করছে বলেও জানান আতাউর রহমান।
তিনি বলেন, “অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রার বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। তবে কার্যালয়ের ভেতরে কেউ ছিল না তা অনেকটাই নিশ্চিত।”
প্রচণ্ড ধোঁয়া তৈরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে বলেও জানান আতাউর।
