২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশিদের নিয়ে ‘অতি আগ্রহের’ সমালোচনা আশরাফের

বিদেশি বিশেষত পশ্চিমা কূটনীতিকদের প্রতি বাংলাদেশের সাংবাদিকদের বাড়তি আগ্রহ দেখানোর সমালোচনা করেছেন আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 02:52 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

বাংলাদেশে রাজনৈতিক সংকট শুরু হলে অনেক সময় পশ্চিমা কূটনীতিকদের ঢাকায় আসতে দেখা যায়। তাদের বক্তব্য-বিবৃতিও ফলাও করে প্রচার হয় গণমাধ্যমে।

এ প্রসঙ্গ টেনে শনিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে আশরাফ বলেন, “এখানে (বাংলাদেশে) তৃতীয় শ্রেণির কর্মচারীরা আসে। যারা নিজ দেশে কোনো মূল্য পায় না। আপনারা ৫০টি টিভি চ্যানেল গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। তারা মনে হয়, আপনাদের ত্রাণকর্তা।”

এর আগেও যুক্তরাষ্ট্রের দুই কূটনীতিককে নিয়ে একই ধরনের কথা বলেছিলেন সরকারের প্রভাবশালী এই মন্ত্রী।

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের ঢাকা সফরের সময় তাকে ‘দুই আনার মন্ত্রী’ এবং যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনাকে ‘কাজের মেয়ে মর্জিনা’ বলেছিলেন তিনি।

সুশীল সমাজের প্রতিনিধি পরিচয়ে বিভিন্ন সময়ে দুই রাজনৈতিক দলের করণীয় বিষয়ে পরামর্শ দাতাদেরও সমালোচনা করেন ক্ষমতাসীন দলের নেতা আশরাফ।

“আপনার ‘সুশীল’ নামটা কে দিল? উনারা নিজেরাই নিজেকে সুশীল বলে। বিজ্ঞরা পত্রিকায় কলাম লেখার মধ্য দিয়ে তাদের পরামর্শ দিতে পারেন। কিন্তু কিছু দিন পরপর একেক জন যেভাবে আসে! এমনভাবে মনে হয় তিনিই বাংলাদেশের মুরুব্বি।”

পরিবেশ না থাকায় বর্তমানে টকশোতে ‘পণ্ডিত’ ব্যক্তিরা আসেন না-মন্তব্য করে সৈয়দ আশরাফ বলেন, “পণ্ডিত ব্যক্তিরা  না আসায় তাদের নিয়ে এসে শূন্যতা পূরণ করে টিভিগুলো।এতে টেলিভিশনের মানও কমছে।পরিবেশ সৃষ্টি করলে অনেকেই আপনাদের টকশোতে আসবে। নিউজও আাগের মত হয় না। হয়ত খবরের অভাব, না হয় আপনারা সঠিক খবরটা সেভাবে উপস্থাপন করেন না।”

‘বুদ্ধিজীবীদের’ কঠোর সমালোচনা করে তিনি বলেন, “বাংলাদেশটা বুদ্ধিজীবীরা এনে দেয়নি। বুদ্ধিজীবীরা সব সময় সুবিধাবাদী। এদের বিভিন্ন সংগঠন, এক ব্যক্তি বিভিন্ন সময় একই দাবি নিয়ে আসেন।”

পুরনো খবর:

‘দুই আনার মন্ত্রীর কাছে হাত পেতে বসে আছেন খালেদা’