আদালতে বিস্ফোরিত বোমাটি ছিল ‘দূর নিয়ন্ত্রিত’
খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি পরোয়ানা জারির আদেশদানকারী বিচারকের এজলাসের বারান্দায় বিস্ফোরিত বোমাটি একটি ‘দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক’ ছিল বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার আহাদুজ্জামান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোবাইল ফোনের মাধ্যমে বোমাটি ফাটানো হয় বলে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর হাকিম আদালতের পুরনো ভবনের নিচতলায় মহানগর হাকিম এস এম মাসুদ জামানের এজলাসের বারান্দায় এই বিস্ফোরণ ঘটে।
পরে পুলিশ সেখান থেকে একটি মোবাইল ফোনের কয়েকটি টুকরা, কাগজের তৈরি পাইপ, কিছু বৈদ্যুতিক তার ও পটকায় ব্যবহৃত কাগজের টুকরা উদ্ধার করে।
বিস্ফোরণের সময় হাকিম এজলাসে ছিলেন না। এ ঘটনায় কেউ আহত হননি।
হাকিম এসএম মাসুদ জামানই গত ১ মার্চ খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তল্লাশি চালানোর পরোয়ানা জারি করেন।
গত মাসে নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার একটি ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় পুলিশ ওই পরোয়ানা জারির আবেদন জানায়।
আহাদুজ্জামান মিয়া জানান, মহানগর পুলিশের বোমা নিস্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে গিয়ে দীর্ঘসময় পরীক্ষা নিরীক্ষা করেন।
“তারা নিশ্চিত হন যে দূর নিয়ন্ত্রণের মাধ্যমে ওই বোমায় বিস্ফোরণ ঘটানো হয়। এক্ষেত্রে দুটি মোবাইল ফোন ব্যবহার করা হয়।”
২০১২ সালের ১৭ জুলাই রাজধানীর আগারগাঁও এলাকায় এক নারীর ভ্যানেটি ব্যাগেও একই ধরনের বোমা রেখে বিস্ফোরণ ঘটানো হয়। আয়েশা সিদ্দিকী নামের ওই নারীকে সে সময় আহত হয়ে হাসপাতালে যেতে হয়।
জুবায়ের নামে এক সহকর্মীর দেওয়া একটি প্যাকেট ভ্যানেটি ব্যাগে রেখেছিল আয়েশা। পরে পুলিশ জুবায়েরকে গ্রেপ্তার করে নিশ্চিত হয়, মোবাইল ফোনের মাধ্যমে ওই বোমায় বিস্ফারণ ঘটানো হয়।
ঘটনাস্থলে মোবাইল ফোনের টুকরা পাওয়া গেলেও কোনো সিম পাওয়া যায়নি। পুলিশের ধারণা, বিস্ফোরণে সিম নষ্ট হয়ে গেছে।
গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, ঘটনার সময় কোন কোন মোবাইল ফোন ওই এলাকার নেটওয়ার্ক ব্যবহার করেছে তা তারা খতিয়ে দেখছেন।
গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে যানবাহন ও বিভিন্ন সরকারি কার্যালয় লক্ষ্য করে নাশকতা ঘটানো হচ্ছে। এর আগে হাই কোর্টের দুটি বিচার কক্ষে বইয়ের ভেতরে কৌশলে লুকানো বোমা পাওয়া যায়।
হাকিম আদালতের বারান্দায় বিস্ফোরণের পর আদালত ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একজন বিচারক ও কয়েকজন আইনজীবী।
ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহীদুল ইসলামের এজলাস ওই ভবনের দ্বিতীয় তলায়।
ঘটনার পর নিচে নেমে এসে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এভাবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে।”
বিস্ফোরণের খবর পেয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহাও পুরান ঢাকার আদালত পাড়ায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
