ঢাকার হাকিম আদালতের বারান্দায় বিস্ফোরণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি পরোয়ানা জারির আদেশদানকারী বিচারকের এজলাসের বারান্দায় বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পুরনো ভবনের নিচতলায় মহানগর হাকিম এসএম মাসুদ জামানের এজলাসের বারান্দায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর সেখানে কিছু ধাতব টুকরো ছড়িয়ে থাকতে দেখা গেছে বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক প্রকাশ বিশ্বাস জানান।
কোতোয়ালি থানার ওসি আবুল হোসেন বলেন, “আদালত ভবনের বারান্দায় একটি ব্যাগের মধ্যে পটকা জাতীয় কিছু রেখে যাওয়া হয়েছিল। সেটি বিস্ফোরিত হয়ে কাগজের টুকরো ছড়িয়ে পড়েছে।”
আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার আমিনুল ইসলাম বলেন, বিস্ফোরণের সময় হাকিম এজলাসে ছিলেন না। তাই লোকসমাগম না থাকায় কেউ হতাহত হননি।
তবে আদালত ভবনে বোমাবাজিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন একজন বিচারক ও কয়েকজন আইনজীবী।
ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহীদুল ইসলামের এজলাস ওই ভবনের দ্বিতীয় তলায়।
ঘটনার পর নিচে নেমে এসে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এভাবে বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে।”
বিস্ফোরণের খবর পেয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহাও পুরান ঢাকার আদালত পাড়ায় এসে ঘটনাস্থল পরিদর্শন করে যান।
গত মাসে নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার একটি ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় গত ১ মার্চ খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তল্লাশি চালানোর পরোয়ানা জারি করেন মহানগর হাকিম এসএম মাসুদ জামান।
দুই মাসের বেশি সময় ধরে গুলশান ২ নম্বর সেকশনের ৮৬ নম্বর সড়কের ওই বাড়িতে অবস্থান করা খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।
