ভাঙারি সরঞ্জামে বোমা, বিস্ফোরণে যুবক আহত
ভাঙারি ব্যবসায়ী বাবার মালামাল নাড়তে গিয়ে সেখানে থাকা বোমা বিস্ফোরণে আহত হয়েছেন এক যুবক।
পরে সেখান থেকে তিনটি তাজা হাতবোমা উদ্ধার করে পুলিশ।
মুগদা থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুগদার মান্ডার ঝিলপাড়া এলাকার শহীদুল্লার বাড়ির ভাড়াটিয়া মোস্তফা। যিনি ভাঙারি ব্যবসা করেন। বুধবার বিকাল ৪টার দিকে মোস্তফার রিকশাচালক ছেলে বাবু (২৪) তার বাবার ভাঙারির মালামাল নাড়াচাড়া করছিলেন।
“এসময় হঠাৎ বিস্ফোরণ হলে বাবু আহত হন। পরে তাকে স্থানীয় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
বাবুর বাম হাতে বোমার স্প্রিন্টার লেগেছে বলেও জানান তিনি।
বিস্ফোরণস্থল থেকে তিনটি তাজা হাতবোমা উদ্ধার করার তথ্য দিয়ে পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, অন্য কোন বিষয় রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।
এছাড়া রাতে লালবাগে জাকির হোসেন ও আব্দুল মান্নান নামে পুলিশের দুই সদস্য হাতবোমায় আহত হন।
পুলিশের একজন সদস্য জানান, বুধবার রাত ৮টার দিকে আজিমপুর পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন।
