সম্মাননা পেলেন রাজশাহী বিভাগের ৫ জয়িতা
অর্থনীতি, সমাজ উন্নয়ন, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য রাজশাহী বিভাগের পাঁচ জয়িতাকে সম্মননা দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর।
বুধবার রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন সাংসদ ফজলে হোসেন বাদশা।
অর্থনীতিতে অবদান রাখায় সিরাজগঞ্জের তাড়াশের ধুলাপাড়া গ্রামের মিনতি রাণী, শিক্ষায় রাজশাহীর তানোরের হরিদেবপুর গ্রামের ফিরোজা খাতুন, সফল জননী হিসেবে নাটোরের লালপুরের কাজিপুকুর গ্রামের রহিমা খাতুন, নির্যাতনের শিকার হয়েও নিজের চেষ্টায় স্বাবলম্বী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্র গ্রামের নার্গিস আক্তার ও সমাজ উন্নয়নে রাজশাহীর বাঘা উপজেলার বড়ছয়ঘাটি গ্রামের শরিফা খাতুনকে এ সম্মাননা জানানো হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আখতার জাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারোয়ার জাহান সজল, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহানাজ বেগম প্রমুখ।
বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের সংগ্রামী নারীদেরকে আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করতে মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহী বিভাগের ১০ জন জয়িতাকে মনোনীত করে। এদের মধ্য পাঁচটি ক্ষেত্রে পাঁচজনকে শ্রেষ্ঠ নির্বাচিত করে সম্মাননার ক্রেস্ট ও ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
