২১ অগাস্ট গ্রেনেড মামলায় আরও দুই জনের সাক্ষ্যগ্রহণ
একুশ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় সাক্ষ্য দিয়েছেন বিচার প্রশাসন ইনস্টিটিউটের উপ-পরিচালক এসএমআল মাসুদ এবং পুলিশের উপ-পরিদর্শক বজলার রহমান।
মঙ্গলবার নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের সামনে রাষ্ট্রপক্ষের এই দুই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়।
বুধবারও এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন রাখা হয়েছে।
এর আগে সোমবার এ মামলায় সাক্ষ্য দিয়েছিলেন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ ও তৎকালীন ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী।
এ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাক্ষী আল মাসুদ সে সময় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক থাকাকালে এই মামলার রাষ্ট্রপক্ষের অপর সাক্ষী পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মিজানুর রহমানের জবানবন্দি গ্রহণ করেছিলেন।
আর পুলিশ সদস্য বজলার ছিলেন গ্রেনেড হামলায় নিহত আবুল কালাম আজাদের সুরতহাল প্রস্তুতকারী।
এ মামলায় জামিনে থাকা আসামিরা হলেন, খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা সিআইডির সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম।
মঙ্গলবার তারা আদালতে উপস্থিত ছিলেন।
ফাইল ছবি
অন্যদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপির সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদসহ ১৯ জন আসামি পলাতক।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।
বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ওই হামলায় আহত হয়েছিলেন শতাধিক নেতাকর্মী।
এ ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ও সাবের হোসেন চৌধুরী বাদী হয়ে মতিঝিল থানায় পৃথক তিনটি এজাহার দায়ের করেন।
