সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
ছয় বছর আগে এক মাদ্রাসাছাত্রকে গলাকেটে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফজলে খোদা শেখ মোহাম্মদ নাজির মঙ্গলবার এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের সুবৈদ্যমরিচ পশ্চিমপাড়ার আয়েন সরকারের ছেলে রাকিবুল ইসলাম (২২), জেবারত প্রামানিকের ছেলে আব্দুস সালাম (৪৫), ছোরহাব আলীর ছেলে জুয়েল (২৪) ও ইয়াছিন আলীর ছেলে জুব্বার (২২)।
অভিযোগে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলার দুই আসামিকে খালাস দিয়েছেন বিচারক।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ১০ ডিসেম্বর সন্ধ্যায় রাকিবুল ইসলাম আয়নাল হকের ছেলে দাখিল পরীক্ষার্থী হাসমত আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা।
ঘণ্টাখনেক পর বাড়ির পাশের সরিষা ক্ষেতে হাসমতকে পাওয়া যায় গলাকাটা অবস্থায়। ওই রাতেই ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় হাসমতের বাবার করা মামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শামসুল আলম, আসামিপক্ষে ছিলেন বিমল কুমার দাস।
