নিজামীর আপিল: সারসংক্ষেপ দেওয়ার শেষ সময় ৩১ মার্চ
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানির জন্য সারসংক্ষেপ জমা দিতে ৩১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ মঙ্গলবার রাষ্ট্র ও আসামিপক্ষকে এই আদেশ দেয়।
আদালত বলেছে, ওই সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে সারসংক্ষেপ ছাড়াই দুই পক্ষ আপিল শুনানির জন্য প্রস্তুত বলে ধরা হবে।
গত ২৪ ফেব্রুয়ারি এই আপিল বেঞ্চ উভয়পক্ষকে সারসংক্ষেপ দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দেয়। কিন্তু এরপর আরও চার সপ্তাহের সময় চেয়ে সোমবার আবেদন করে আসামিপক্ষ।
আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকায় নিজামীর আপিলের বিষয়টি আসে। এদিন সময়ের আবেদনের শুনানি করেন নিজামীর আইনজীবী জয়নাল আবেদীন তুহিন। তার সঙ্গে ছিলেন শিশির মনির।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
আদালতের আদেশের পর শিশির মনির সাংবাদিকদের বলেন, “৩১ মার্চের মধ্যে জমা না দিলে সারসংক্ষেপ ছাড়াই আপিল প্রস্তুত বলে গণ্য হবে। আদালত এটা জানিয়েছে।”
দিলীরুজ্জামান বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে কোনোপক্ষ সারসংক্ষেপ দিতে না পারলেও শুনানি হবে বলে আদালত জানিয়েছে।”
একাত্তরের আল-বদর কমান্ডার নিজামীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৯ অক্টোবর ফাঁসির দণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ওই রায়ের বিরুদ্ধে গত ২৩ নভেম্বর খালাস চেয়ে আপিল করেন জামায়াতে ইসলামীর আজকের আমির নিজামী।
এ মামলায় রাষ্ট্রপক্ষের কোনো আপিল নেই। তবে নিজামীর করা আপিলের বিরুদ্ধে তারা লড়বে।
ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগের মধ্যে বুদ্ধিজীবী গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
এর মধ্যে বুদ্ধিজীবী গণহত্যাসহ চার অভিযোগের প্রত্যেকটিতে তাকে সর্বোচ্চ সাজা দেয় ট্রাইব্যুনাল।
বাকি চারটি অভিযোগে নিজামীর যাবজ্জীবন কারাদণ্ড এবং আট অভিযোগে তাকে খালাস দেওয়া হয়।
নিজামী বিগত চার দলীয় জোট সরকারের শিল্পমন্ত্রী ছিলেন। তার আগে ২০০১-০৩ সময়ে ছিলেন কৃষিমন্ত্রী।
এর আগে চট্টগ্রামের চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলাতেও তার মৃত্যুদণ্ডের আদেশ হয়।
