নিজামীর আপিল ফের কার্যতালিকায়
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত আমির মতিউর রহমান নিজামীর আপিল ফের কার্যতালিকায় এসেছে, এই মামলায় আপিলের সারসংক্ষেপ দিতে গত মাসে সর্বোচ্চ আদালতের নির্দেশনা ছিল।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চের মঙ্গলবারের কার্যতালিকায় এসেছে আপিলটি। গত ২৪ ফেব্রুয়ারি এই বেঞ্চ দুই সপ্তাহের মধ্যে উভয়পক্ষকে আপিলের সারসংক্ষেপ দিতে বলেছিল।
আসামিপক্ষের আইনজীবী শিশির মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপিলের সারসংক্ষেপ দিতে আমাদের প্রতি নির্দেশনা ছিল, আমরা দিতে পারিনি। আজ আমরা আরও চার সপ্তাহ সময় চেয়ে আপিল বিভাগে একটি আবেদন জমা দিয়েছি।
“মামলাটি মঙ্গলবারের কার্যতালিকায় এসেছে, আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত হবে।”
একাত্তরের আল-বদর বাহিনীর কমান্ডার নিজামীর যুদ্ধাপরাধ মামলার রায় হয় গত ২৯ অক্টোবর। ওই রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে নিজামীর দণ্ড কার্যকরের আদেশ দেয়।
এই রায়ের পর গত ২৩ নভেম্বর খালাস চেয়ে আপিল করেন নিজামী। এই মামলায় রাষ্ট্রপক্ষের কোনো আপিল নেই।
জামায়াতের আমির নিজামী একাত্তরে ছিলেন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নাজিমে আলা বা সভাপতি এবং সেই সূত্রে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত আলবদর বাহিনীর প্রধান।
স্বাধীনতাকামী বাঙালির ওপর দমন-পীড়ন চালাতে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত রাজাকার বাহিনী ও শান্তি কমিটিতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে রায়ে উঠে এসেছে।
বাঙালি জাতিকে সমূলে ধ্বংস করতে ‘স্বেচ্ছায় ও সচেতনভাবে’ নিজামী পবিত্র ধর্ম ইসলামের অপব্যবহার করেন বলেও রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।
নিজামীর মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগের মধ্যে বুদ্ধিজীবী গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও সংঘটনে সহযোগিতার আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
এর মধ্যে বুদ্ধিজীবী গণহত্যাসহ চার অভিযোগের প্রত্যেকটিতে তাকে সর্বোচ্চ সাজা দেয় ট্রাইব্যুনাল। বাকি চারটি অভিযোগে নিজামীর যাবজ্জীবন কারাদণ্ড এবং আট অভিযোগে তাকে খালাস দেওয়া হয়।
চারদলীয় জোট সরকারের শিল্পমন্ত্রী নিজামীকে এর আগে চট্টগ্রামের চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলাতেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশে স্বাধীনতার বিরোধিতাকারী এমন একজন ব্যক্তিকে প্রজাতন্ত্রের মন্ত্রী নিয়োগ করার সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও সম্ভ্রম হারানো দুই লাখ নারীর প্রতি ‘চপেটাঘাত’ ছিল বলেও ট্রাইব্যুনালের রায়ের পর্যবেক্ষণে বলা হয়।
