২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল উঠলেও পরীক্ষা হবে না

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় বিজয় মিছিলের কর্মসূচি দিয়ে বিএনপি মঙ্গলবারের হরতাল শিথিল করলেও এদিন এসএসসি পরীক্ষা হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 11:29 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

আগের ঘোষণা অনুযায়ী মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতই থাকছে বলে সোমবার রাতে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতই থাকছে। পরে এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।”

মঙ্গলবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে পদার্থ বিজ্ঞানের (তত্ত্বীয়) পরীক্ষা নির্ধারিত ছিল।

বিএনপি জোট অবরোধের মধ্যে হরতাল দেওয়ার গত ৭ মার্চ এ দিনের পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

অবরোধের মধ্যে হরতালের কারণে চলতি এসএসসির ১৫ দিনের ২৭৬টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেছে।

২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সরকার, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে পরীক্ষার সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি না দেওয়ার আহ্বান থাকলেও তাতে বিএনপির সাড়া মেলেনি।

বরং গত ৫ জানুয়ারি থেকে অবরোধ চালিয়ে আসা দলটি পরীক্ষার এই মাসে সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিনই হরতাল চালাচ্ছে।

বিএনপি-জামায়াত জোটের হারতালের কারণে গত দুই বছরও বেশ কয়েকটি পাবলিক পরীক্ষা পিছিয়ে যায়।

পুরনো খবর:

ক্রিকেটারদের জয়ে হরতাল শিথিল
হরতাল: আরও ২ দিনের পরীক্ষা পেছাল