২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল: আরও ২ দিনের পরীক্ষা পেছাল

লাগাতার অবরোধের মধ্যে বিএনপি জোট নতুন করে হরতাল ডাকায় আগামী রবি ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 03:48 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থগিত পরীক্ষাগুলোর তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

৮ মার্চ রোববার এসএসসিতে হিসাব বিজ্ঞান এবং দাখিলে রসায়ন (তত্ত্বীয়) পরীক্ষা ছিল।

১০ মার্চ মঙ্গলবার এসএসসিতে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং দাখিলে পদার্থ বিজ্ঞানের (তত্ত্বীয়) পরীক্ষা নির্ধারিত ছিল।

হরতালের কারণে এর আগে স্থগিত গত ৪ মার্চের পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়নি।

সুবোধ ঢালী বলেন, তিন দিনের পরীক্ষার তারিখ একসঙ্গেই ঘোষণা করা হবে।

অবরোধের মধ্যে হরতালের কারণে চলতি এসএসসির ১৪ দিনের ২৭৬টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল।

অবরোধ ও হরতালের মধ্যে এবার এসএসসির পরীক্ষাগুলো কেবল ছুটির দিন শুক্র ও শনিবার নেওয়া হচ্ছে।

গত ৪ মার্চ এসএসসিতে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হাস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সঙ্গীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, কর্মমুখী শিক্ষা (তত্ত্বীয়), কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়), বেসিক ট্রেড (তত্ত্বীয়), চারু ও কারুকলা (তত্ত্বীয়) পরীক্ষা ছিল।

আর ৪ মার্চ দাখিলে পৌরনীতি, মানতিক, কৃষিশিক্ষা (তত্ত্বীয়), গার্হাস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), উর্দু, ফার্সি, কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিল।

এর আগে ২, ৪, ৮, ১০, ১২, ১৫, ১৮, ২২, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৩ ও ৪ মার্চের এসএসসি ও সমমানের পরীক্ষাও হরতালের কারণে পিছিয়ে যায়।

নতুন করে দুই দিনের পরীক্ষাসহ হরতালে এসএসসির ১৪ দিনের দিনের অর্থাৎ শুরুর সবগুলো পরীক্ষাই পিছিয়ে দিতে বাধ্য হল কর্তৃপক্ষ।

২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সরকার, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে পরীক্ষার সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি না দেওয়ার আহ্বান থাকলেও তাতে বিএনপির সাড়া মেলেনি।

বরং গত ৫ জানুয়ারি থেকে অবরোধ চালিয়ে আসা দলটি পরীক্ষার এই মাসে সাপ্তাহিক ছুটির ছাড়া প্রতিদিনই হরতাল চালাচ্ছে।

বিএনপি-জামায়াত জোটের হারতালের কারণে গত দুই বছরও বেশ কয়েকটি পাবলিক পরীক্ষা পিছিয়ে যায়।

পুরনো খবর:

হরতালের সঙ্গে গণমিছিলের বার্তা দিয়ে বিবৃতি