২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামারুখের স্বামীর জামিন স্থগিত

চিকিৎসক শামারুখ মাহজাবিন শামা হত্যা মামলার আসামি তার স্বামী হুমায়ুন সুলতানকে দেওয়া হাই কোর্টের জামিনের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 04:33 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

যশোরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন গত ২ মার্চ হাই কোর্ট থেকে জামিন নিয়েছিলেন। সে আদেশে স্থগিতাদেশ আসায় তার মুক্তি আটকে গেল।

হাই কোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি করে সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ স্থগিতের এই আদেশ দেয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও অ্যাডভোকেট অন রেকর্ড সাধন কুমার বণিক। আসামি পক্ষে ছিলেন মো. মুনসুরুল হক চৌধুরী।

আদেশের পর সাধন কুমার বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হুমায়ুন সুলতান এখন কারাগারে রয়েছেন। এই আদেশের ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।”

গত ২ মার্চ হাই কোর্ট হুমায়ুনকে জামিন দিলে তার মুক্তি আটকাতে মৌখিকভাবে আপিল বিভাগে আবেদন করে কারা কর্তৃপক্ষকেও তা জানিয়েছিল রাষ্ট্রপক্ষ।

এরপর ৪ মার্চ চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে আবেদন হলে তিনি ওই আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়।

“সেখানে শুনানির পর ১ এপ্রিল পরবর্তী তারিখ রেখে আদালত এই সময়ের মধ্যে আমাদের নিয়মিত আপিলের আবেদন করতে বলেন এবং জামিনে স্থগিতাদেশ দেন,” বলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাধন।

গত ১৩ নভেম্বর সন্ধ্যায় মারা যান হুমায়ুনের স্ত্রী শামারুখ (২৪)। ধানমণ্ডিতে শ্বশুরের বাসা থেকে তাকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে নিয়ে হমায়ুনের পরিবার আত্মহত্যার কথা বলেছিল।

ওই রাতেই শ্যামার বাবা নুরুল ইসলাম যশোর থেকে এসে তার মেয়েকে হত্যার অভিযোগ এনে জামাতা, বেয়াই ও বেয়ানের বিরুদ্ধে মামলা করেন।

মামলার পরপরই হুমায়ুনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাবা টিপু সুলতান ও মা ডা. জেসমিন আরা বেগম হাই কোর্ট থেকে আগাম জামিন নেন।

শামারুখ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বিএসএমএমইউতে এফসিপিএস করছিলেন। তার শ্বাশুড়ি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজেরই শিক্ষক।  

যশোরে পিডব্লিউডির অবসরপ্রাপ্ত প্রকৌশলী নুরুল ইসলামের একমাত্র মেয়ে শ্যামার সঙ্গে দুই বছর আগে মনিরামপুরের সাবেক সংসদ সদস্য টিপু সুলতানের বড় ছেলের বিয়ে হয়।

শামারুখ আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হলেও এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন তার বাবা।

তার অভিযোগ, তার মেয়েকে হত্যা করা হয়েছে এবং প্রভাব খাটিয়ে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।

শামারুখকে হত্যা করা হয়েছে দাবি করে তার বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তার সহকর্মীরা। যশোরেও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়। 

পুরনো খবর:

ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে সংশয় শামারুখের বাবার
শামারুখের মৃত্যু : প্রশ্নবিদ্ধ ময়নাতদন্ত
শামারুখের মৃত্যু: কিছু প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ
পুনঃময়নাতদন্ত শেষে শামারুখের লাশ হস্তান্তর