পুনঃময়নাতদন্ত শেষে শামারুখের লাশ হস্তান্তর
দ্বিতীয় দফা ময়নাতদন্ত শেষে সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের পুত্রবধূ শামারুখ মাহজাবিনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রায় দুঘণ্টাব্যাপী ময়নাতদন্ত কার্যক্রম শেষে বিকাল ৩টা ৪০ মিনিটে শামারুখের মৃতদেহ গ্রহণ করেন তার বাবা প্রকৌশলী নূরুল ইসলাম।
ময়নাতদন্তকারী দলের প্রধান যশোর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের অধ্যাপক ডা. নাজমুল হুদা জানান, আলামতসহ ময়নাতদন্তের প্রতিবেদন ঢাকার মহাখালীতে সিআইডির ফরেনসিক কেমিকেল ল্যাবরেটরিতে পাঠানো হবে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ থেকে ৬টি এবং কবর ও দাফনের সামগ্রী থেকে ৫টি আলামত সংগ্রহ করা হয়েছে। এছাড়া মাথা, বুক ও পেটের এক্স-রে করা হয়েছে।
“মৃতের বাবার আপত্তির কারণে পরীক্ষার জন্য কোন আলামত ঢাকা ও খুলনা মেডিকেল কলেজে না পাঠিয়ে সরাসরি ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।”
এর আগে আদালতের আদেশের দশ দিন পর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালামের উপস্থিততিতে যশোর শহরের কারবালা কবরস্থান থেকে শামারুখের লাশ তোলা হয়।
লাশ উত্তোলনের সময় শামারুখের বাবা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল হাসান, সিভিল সার্জনের পক্ষে হোসেইন শাফায়েত ও চিকিৎসক জেসমিন সুমাইয়া এবং কোতোয়ালি থানার ওসি ইনামুল হক উপস্থিত ছিলেন।
এই মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার রমনা জোনের সিআইডির এএসপি মুন্সি রুহুল কুদ্দুস মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর তা যশোর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।
সুরতহাল করার পর তদন্ত কর্মকর্তা মুন্সি রুহুল কুদ্দুস বলেন, “শামারুখের থুতনির নিচে গলার দুই পাশে দাগ পাওয়া গেছে। তবে মরদেহে পচন ধরায় আর কোনো আলামত এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। ময়না তদন্তের আগে আর কিছু বলা যাবে না।”
ময়নাতদন্তকালে হাসপাতালে উপস্থিত থেকে তদারকি করেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ইয়াকুব আলী মোল্লা, সিভিল সার্জন আতিকুর রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল হাসান।
গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমণ্ডিতে টিপু সুলতানের বাসা থেকে শামারুখকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় ওই দিনই নিহতের স্বামী হুমায়ূন সুলতান সাদাব, তার বাবা টিপু সুলতান ও মা জেসমিন আরা বেগমকে আসামি করে হত্যা মামলা করেন শামারুখের বাবা নুরুল ইসলাম।
নুরুল ইসলাম তার মেয়ের মৃত্যুর জন্য শুরু থেকেই সাংসদ খান টিপু সুলতান, তার স্ত্রী রাজধানীর হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিক্যাল কলেজের চিকিৎসক জেসমিন আরা বেগম ও জামাতা হুমায়ুন সুলতানকে দায়ী করে আসছিলেন।
টিপু সুলতানের পরিবার এ ঘটনাকে আত্মহত্যা দাবি করলেও শামারুখের বাবার অভিযোগ, তার মেয়েকে হত্যা করা হয়েছে।
গত ২৪ নভেম্বর নিহত চিকিৎসকের মরদেহের প্রথম ময়নাতদন্তের প্রতিবেদন পায় ধানমন্ডি থানা পুলিশ, যেখানে শামারুখ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়।
বিয়ের দিনে শামারুখ মাহজাবিন শ্যামা ও হুমায়ুন সুলতান (পারিবারিক অ্যালবামের ছবি)
শামারুখের পরিবারের পক্ষ থেকে ওই প্রতিবেদন প্রত্যাখান করা হয়। শামারুখের বন্ধু ও সতীর্থরাও ফেইসবুকে ময়না তদন্ত প্রতিবেদন পত্যাখ্যান করে বিভিন্ন মন্তব্যও লেখেন।
‘আত্মহত্যা’ বলে দেওয়া প্রথম ময়না তদন্তের প্রতিবেদন প্রত্যাখ্যান করে নুরুল ইসলামের আবেদনের পর গত ২৫ নভেম্বর শামারুখের লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা।
যশোরের জেলা প্রশাসককে আদালতের ওই আদেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদনও দিতে বলা হয়।
যশোরের অবসরপ্রাপ্ত প্রকৌশলী নুরুল ইসলামের মেয়ে শামারুখের (২৪) সঙ্গে দুই বছর আগে যশোরের সাবেক সংসদ সদস্য টিপু সুলতানের ছেলে হুমায়ুনের বিয়ে হয়।
শামারুখ এমবিএসএস পাস করে বিএসএমএমইউতে এফসিপিএস করছিলেন। স্বামীর সঙ্গে শ্বশুরের ঢাকার বাড়িতে থাকতেন তিনি।
এই হত্যা মামলায় রিমান্ড শেষে হুমায়ুন সুলতান কারাগারে রয়েছেন। জামিনে আছেন টিপু সুলতান ও ডা. জেসমিন।
