চবির ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার ষোলশহর স্টেশন মাস্টার একেএম ফরহাদুজ্জামান বাদি হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলাটি করেন।
রেলওয়ে থানার এসআই সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলাটি করা হয়।
মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি বলেও জানান তিনি।
শনিবার রাতে নগরীর ষোলশহর স্টেশনে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বগির দুইটি সিটে আগুন লেগে যায়।
এসময় দুর্বৃত্তদের ছোড়া হাতবোমায় মো. সুমন নামে এক পোশাকশ্রমিক আহত হন।
