পুলিশ বহনকারী গাড়ির ধাক্কায় যুবক নিহত
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পুলিশ বহনকারী মাইক্রোবাসের ধাক্কায় পথচারী এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার চান্দেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহত সোহেল (২৫) মানসিক ভারসাম্যহীন এবং তিনি হঠাৎ চলন্ত গাড়ির সামনে লাফিয়ে আত্মহত্যা করেছেন।
সোহেল ফুলবাড়ী বাজারের ব্যবসায়ী ছমির উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি বজলুর রশিদ জানান, সকালে নাগেশ্বরী থেকে ফুলবাড়ী ফেরার পথে চান্দেরবাজার এলাকায় পুলিশ বহনকারী ওই মাইক্রোবাসের ধাক্কায় সোহেল আহত হন।
স্থানীয়রা ফুলবাড়ী হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্রশ দেন। সেখানে নেওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
ওসি বজলুর বলেন, “মানসিক ভারসাম্যহীন সোহেল হঠাৎ চলন্ত গাড়ির সামনে লাফিয়ে আত্মহত্যা করেছেন।”
এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ নেই জানিয়ে সোহেলের পরিবার তার লাশ নিয়ে গেছে বলে জানান তিনি।
