চাঁদপুরে ওষুধের গাড়িতে বোমা, আহত ২
চাঁদপুরে একটি ওষুধ কোম্পানির কভার্ডভ্যানে হাতবোমা হামলায় এক বিক্রয় প্রতিনিধিসহ দুজন আহত হয়েছেন।
সোমবার রাতে শহরের পুরানবাজারের জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি ফখরুল ইসলাম (৩৫) ও কভার্ডভ্যান চালক আনিসুর রহমানকে (৪২) রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফখরুল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকার আব্দুর রবের ছেলে এবং আনিসুর কুমিল্লার কোতোয়ালি থানার সংরাইস এলাকার ফজলুর রহমান ভূঁইয়ার ছেলে।
ফখরুল বলেন, সোমবার চাঁদপুরের হাইমচর থেকে কভার্ডভ্যান নিয়ে সদরে ফিরছিলেন। গাড়িটি জাফরাবাদ এলাকা পার হওয়ার সময় দুর্বৃত্তরা হাতবোমা ছুড়ে মারে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং গাড়ির চালক ও তিনি আহত হন।
চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম বলেন, গুরুতর আহত দুজনকে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বোমায় তাদের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।
চালক আনিসুর রহমান ডান চোখে বেশি আঘাত পেয়েছেন বলেও জানান তিনি।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
