চাঁপাইনবাবগঞ্জে শিশু হত্যাকারী দুজনের মৃত্যুদণ্ড
অর্থের জন্য চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের আদালত।
দণ্ডিতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর আবুরাজপাড়া এলাকার এমরান আলীর ছেলে শিহাব রেজা (২৪) এবং তার বন্ধু শংকরবাটি এলাকার আব্দুল মালেকের ছেলে সাগর আহম্মেদ (২৪)।
জোড়গাছি মহল্লার কালীগঞ্জ-ফুলবাগান এলাকার কোরবান আলীর শিশুকন্যা কবিতাকে হত্যার দায়ে নারী ও শিশু দমন ট্রাইবুনাল-১ এর বিচারক কবিতা খানম মঙ্গলবার তাদের এই দণ্ডাদেশ দিয়ে রায় দেন।
দুই আসামির উপস্থিতিতে আদালতের রায় হয়। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় শিহাবের ভাই জহিরুল ইসলামকে (৩৮) খালাস দিয়েছে আদালত।
দণ্ডিত শিহাব নিহত কবিতার বাবা কোরবান আলীর চাচাত ভাই।
মামলার বিবরণে দেখা যায়, ২০১৪ সালের ৩০ অগাস্ট কবিতাকে তার বাড়ির সামনে খেলার সময় শিহাব ও সাগর অপহরণ করে। অপহরণের পর তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ জহিরের বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। কিন্তু দুর্গন্ধ ছড়াতে থাকলে দুদিন পর আসামিরা পোলাডাঙ্গা আবুরাজ পাড়া এলাকার মুনসুরের চাতালের পেছনে মাটির নিচে লাশ পুঁতে ফেলে।
এদিকে কবিতার বাবাকে টেলিফোন দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন শিহাব ও সাগর। পাঁচ লাখ টাকার মধ্যে ২৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে দেয় কবিতার পরিবার।
এর মধ্যে ঘটনাটি র্যাব ও পুলিশকে জানানো হলে তাদের তৎপরতায় ওই বছরের ৪ সেপ্টেম্বর শিহাবকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে সাগরকেও সেদিন গ্রেপ্তার করা হয়। পরে কবিতার গলিত লাশ মেলে।
নিহত কবিতা
লাশ উদ্ধারের পর কোরবান আলী বাদী হয়ে সদর থানায় একটি হত্যামামলা করেন। তদন্ত করে সদর থানার পরিদর্শক সারোয়ার হোসেন ২০১৪ সালের ৩১ অক্টোবর শিহাব, তার ভাই জহিরুল ও সাগরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
১৯ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে মঙ্গলবার আদালতের রায় হল বলে জানান মামলায় সরকার পক্ষের কৌঁসুলি (পিপি) জবদুল হক।
রায়ে সন্তোষ প্রকাশ করে কবিতার বাবা কোরবান আলী দ্রুত তা কার্যকরের প্রত্যাশা করেছেন।
