তোফাজ্জল হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
কুমিল্লায় আলোচিত তোফাজ্জল হোসেন হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার কুমিল্লার চতুর্থ অতিরিক্ত দায়রা জজ চমন চৌধুরী এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আদর্শ সদর উপজেলার যশপুর গ্রামের মৃত আলী নেয়াজের ছেলে আবু তাহের ওরফে ছরু মিয়া, নোয়াব আলীর ছেলে আব্দুস সালাম লিটন ও মনোহর আলীর ছেলে জহিরুল ইসলাম জহির।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন একই এলাকার মো. বাহার ওরফে রোজেন, আব্দুল মান্নান, সাহেব আলী, আরিফুজ্জামান ইমন ও মো. মিজানুর রহমান।
যাবজ্জীবন দণ্ডিতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে আরো ছয় মাস করে কারাভোগ করতে হবে।
এদের মধ্যে আব্দুল মান্নান, সাহেব আলী ও মো. মিজানুর রহমান পলাতক রয়েছেন।
ওই আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. জালাল উদ্দিন জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের যশপুর গ্রামের প্রবাস ফেরত তোফাজ্জল হোসেনকে ২০০০ সালের ১ অক্টোবর রাতে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ ব্যাপারে তোফাজ্জলের চাচাত ভাই হারুনুর রশিদ বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় অজ্ঞাত পরিচয় ২০/২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি থানা থেকে জেলা গোয়েন্দা পুলিশের কাছে তদন্তের জন্য দেওয়া হয়। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সিরাজুল হক তদন্ত করে ২০০৪ সালের ২৪ ফেব্রুয়ারি আট জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেয় বলে তিনি জানান।
