২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার

অবরোধ-হরতালে নাশকতার অভিযোগে চট্টগ্রামে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 02:01 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

নগরীর ডবলমুরিং থানার মোল্লা পাড়া থেকে সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ওহীদুর রহমান (৬০) ডবলমুরিং থানা জামায়াতের সেক্রেটারি।

ডবলমুরিং থানার ওসি নুরুল আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোল্লা পাড়ার বাসা থেকে ওহীদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন জামায়াত ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের এবং দুই জন বিএনপির কর্মী।