২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিখোঁজের সাতদিন পর এক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 04:23 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

টুঙ্গিপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, রোববার বেলা ১১টার দিকে উপজেলার বাসুড়িয়া গ্রাম থেকে মো. ফেরদৌস মোল্লার (২৫) লাশ উদ্ধার করা হয়। এর দুদিন আগে তার লুঙ্গির ছেঁড়া অংশ উদ্ধার করে।

ফেরদৌস মোল্লা উপজেলার গিমাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মো. আহাদ আলী মোল্লার ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা বাবলু সরদার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

নিহতের বড় ভাই শামীম মোল্লার বরাত দিয়ে ওসি আরও বলেন, গত সোমবার সন্ধ্যায় গিমাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের এক কাঁচামাল বিক্রেতা গোপালগঞ্জ থেকে মালামাল আনার জন্য ফেরদৌসকে ভাড়া করেন। রাত ১০টার দিকে বাড়ি থেকে ফোন করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন ফেরদৌস।

এ ঘটনায় মঙ্গলবার তার বাবা মো. আহাদ আলী মোল্লা টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এরপর শুক্রবার উপজেলার বর্ণি বাঁওড় এলাকা থেকে পুলিশ ফেরদৌসের পরনের লুঙ্গির অর্ধেক অংশ এবং রক্তমাখা প্লাস্টিকের একটি বস্তা উদ্ধার করে।

ফেরদৌসকে হত্যা করে দুর্বৃত্তরা তার ভ্যান ছিনিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।