২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের পক্ষে ইইউ

রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলটি চলমান অস্থিরতার অবসানে সংলাপের পক্ষেই মত জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 11:35 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

চার দিনের সফরে ঢাকায় এসে সবার সঙ্গে বৈঠকের পর ঢাকা ছাড়ার আগের দিন বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা এই মত প্রকাশ করে।

ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির ভাইস চেয়ারম্যান ক্রিশ্চিয়ান দান প্রেদা নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করে।

বিএনপি জোটের অবরোধ-হরতালে নাশকতায় প্রায় একশ মানুষের মৃত্যু ঘটেছে গত দেড় মাসে। অন্যদিকে বিএনপি সরকারের বিরুদ্ধে নেতা-কর্মীদের হত্যা ও নির্যাতনের অভিযোগ করে আসছে।

চলমান অস্থিরতার অবসানে দুই প্রধান রাজনৈতিক দলকে সংলাপে বসার আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশের নাগরিক সমাজের একাংশ, জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকেও একই আহ্বান এসেছে।

চলমান সহিংসতা এখনি বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি রাজনৈতিক সঙ্কট অবসানে সংলাপের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলটি।

প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকে অবরোধ-হরতাল আহ্বানকারী বিএনপি বলেছে, তারা সহিংসতার বিপক্ষে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, সন্ত্রাস-নাশকতা বন্ধ না করলে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের বিবৃতিতে বলা হয়েছে, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা নাগরিক ও রাজনৈতিক অধিকার খর্ব করে হতে পারে না।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সফর হলেও প্রতিনিধি দলটি বলেছে, তাদের এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ বিশেষ করে শ্রমিক, শিশু, নারী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষা হচ্ছে কি না। 

বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গেও বৈঠক করে প্রতিনিধি দলটি। সেখানে তারা বিচারবহির্ভূত হত্যা, পুলিশের গ্রেপ্তার অভিযানের বিষয়ে জানতে চায়।

Image
গত মঙ্গলবার খালেদা জিয়ার কার্যালয়ে ঢুকছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সদস্যরা

গত মঙ্গলবার খালেদা জিয়ার কার্যালয়ে ঢুকছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সদস্যরা

মানবাধিকার কমিশন প্রতিনিধি দলকে জানিয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিপক্ষে সব সময় তারা। এটা বন্ধে সরকারকে নিয়মিত সুপারিশ করে আসছে তারা।

আইনশৃঙ্খলা বাহিনীর আটক অভিযানের বিষয়ে মানবাধিকার কমিশন বলেছে, বিদ্যমান আইনে সন্দেহজনক যে কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। তবে সেক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা উচিত।

“আইনের ব্যত্যয় ঘটিয়ে যথন গণগ্রেপ্তারের ঘটনা ঘটে, তা আমাদের উদ্বিগ্ন করে। নিরীহ নাগরিককে কিছুতেই গ্রেপ্তার/হয়রানি করা যাবে না।”

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলটি গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়েছে। সেই সঙ্গে এনজিও কার্যক্রম ‘নিয়ন্ত্রণে’ সরকার এদ্যাগ নিয়েছে, তা নিয়েও উদ্বেগ জানিয়েছে তারা।

ইউনূসের সঙ্গে বৈঠক

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠক করেছেন নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস।

তিনি বৃহস্পতিবার রাতে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসায় যান। সেখানে এক নৈশ ভোজেও অংশ নেন তিনি।

গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইউনূস সেখানে সাড়ে ৭টা থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত ছিলেন।

নীল রঙের একটি গাড়িতে চড়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের দিকে তাকিয়ে একটু হাসলেও কোনো কথা বলেননি ইউনূস।

পুরনো খবর:

দুই নেত্রীকে বান কি-মুনের চিঠি
আগে সন্ত্রাস বন্ধ করতে বললেন ‘উদ্বিগ্ন নাগরিকরা’
খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক
সংলাপ সম্ভব নয়, ইইউকে আওয়ামী লীগ