২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেত্রীকে বান কি-মুনের চিঠি

অবরোধ-হরতালে চলমান নাশকতা ও সহিংসতার প্রেক্ষাপটে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 10:15 AM

Updated : 25 Apr 2022, 01:02 PM

তার উপ মুখপাত্র ফারহান হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংলাপের মধ্য দিয়ে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ অবসানের আহবান জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এই চিঠি পাঠানো হয়েছে।

তবে চিঠিতে মহাসচিব কি লিখেছেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন ফারহান।

তবে জাতিসংঘে বাংলাদেশ মিশনের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, বান কি-মুন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন এবং দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে চলমান অস্থিরতার অবসান ঘটানো জরুরি বলে মত দিয়েছেন।

সূত্রটি জানায়, রাজনৈতিক অস্থিরতার অবসানে প্রধান রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনা শুরুর লক্ষ্যে বাংলাদেশ প্রয়োজন হলে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সহায়তা নিতে পারে বলেও চিঠিতে উল্লেখ করেছেন মহাসচিব।

দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়লে ২০১৩ সালেও শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি লেখেন। অগাস্টে একই আহ্বান জানাতে তিনি দুই নেত্রীকে টেলিফোনও করেন।

বান কি-মুনের দূতিয়ালিতে সে সময় দুই দফা ঢাকা সফর করেন অস্কার ফারনান্দেজ তারানকো। ঢাকায় এসে বিভিন্ন পক্ষের সঙ্গে কয়েক দফা বসে এই সহকারী মহাসচিব সরকার ও বিরোধীদের  মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার তাগাদা দিয়ে যান।

বান কি-মুনের দূতিয়ালির পরও সে সময় সংলাপ ব্যর্থ হয় এবং বিএনপির বর্জনে সহিংসতার মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।  

এরপর প্রায় এক বছর পরিস্থিতি শান্ত থাকলেও নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নতুন আন্দোলনে আবার রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়।  

৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে বিএনপি নেত্রী খালেদা জিয়া সারা দেশে লাগাতার অবরোধ ডাকেন, ফিরে আসে আগুন-বোমার নাশকতা। ফেব্রুয়ারির শুরু থেকে সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিনই অবরোধের সঙ্গে হরতাল করছে ২০ দলীয় জোট।

সরকারি ভাষ্য অনুযায়ী, অবরোধের এই দেড় মাসে পেট্রোল বোমা ও ককটেল হামলায় সারা দেশে নিহত হয়েছেন অন্তত ৫৫ জন, আহত হয়েছেন ৫৫৬ জন।

এ সময় ৬৬৪টি যানবাহন পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ৪১০টি যানবাহন ভাংচুর করেছে অবরোধ সমর্থকরা। ২৮টি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে। রেলপথে নাশকতার ঘটনা ঘটেছে ২৫টি; নৌপথে ছয়টি।

নাশকতার কয়েকটি ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলাও হয়েছে। অবশ্য বিএনপি বলে আসছে, সরকারি লোকেরাই নাশকতা করে ২০ দলের ওপর দোষ চাপাচ্ছে।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।  

গত বুধবার জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় প্রাণহানিতে সংস্থার পক্ষ থেকে উদ্বেগের কথা জানান।

ওই সময় তিনি জানান, মহাসচিব বান কি মুন সাবেক সহকারী মহাসচিব (রাজনীতি বিষয়ক) অস্কার ফারনান্দেজ-তারানকোকে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের জন্য দায়িত্ব দিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সম্প্রতি ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, সংকট নিরসনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংলাপ আয়োজনে জাতিসংঘের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবেন।

জাতিসংঘ মহাসচিবের চিঠির বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া না গেলেও দলটির নেতারা সংলাপের সম্ভাবনা নাকচ করে বলে আসছেন, বিএনপি যতদিন ‘নাশকতার রাজনীতি’ বন্ধ না করবে, ততদিন তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।