মিথ্যা ঘোষণায় আনা ১০ কোটি টাকার সিগারেট বন্দরে ধরা
মিথ্যা ঘোষণায় চট্টগ্রাম বন্দরে আসা বিদেশি ব্র্যান্ডের এক কন্টেইনার সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের জে আর ইয়ার্ডে ঢাকার রামপুরার একটি প্রতিষ্ঠান কসমেটিকসের ঘোষণা দিয়ে এই পণ্য আনা হয়েছিল বলে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন।
সিঙ্গাপুর থেকে আসা এই কন্টেইনার বুধবার খোলার পর এতে ৫৫ হাজার ২০০ কার্টন সিগারেট পাওয়া যায় বলে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার আমিমুল ইহসান খান জানিয়েছেন।
প্রায় ১০ কোটি টাকার এই সিগারেট এনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি বিপুল পরমাণ শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল বলে কর্মকর্তারা জানান।
ইহসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রামপুরার এস কে ট্রেড কর্পোরেশন কসমেটিকস ঘোষণা দিয়ে সিঙ্গাপুর থেকে এসব পণ্য আমদানি করে।
গত বছরের ৩১ ডিসেম্বর ৪০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরে আসে। পণ্য খালাসের জন্য স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট সোহেল ট্রেডিং গত ৭ জানুয়ারি ‘বিল অব এন্ট্রি’ দাখিল করে।
শুল্ক কর্মকর্তা ইহসান খান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে কন্টেইনারের পণ্য খালাস স্থগিত রাখা হয়েছিল। আজ (বুধবার) কন্টেইনারটির কায়িক পরীক্ষার পর তিনটি বিদেশি ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়।”
কন্টেইনারটিতে বেনসন অ্যান্ড হেজেস, এসে ও পাইন ব্রান্ডের সিগারেট পাওয়া গেছে।
