গৃহকর্মী নির্যাতন: জিডি করতে এসে গ্রেপ্তার গৃহকর্ত্রী
রাজধানীর লালবাগে আট বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রীকে থানায় ডেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আফিয়া বেগম টুনি নামের শিশুটি মঙ্গলবার লালবাগে নিখোঁজ হয়েছে বলে থানায় সাধারণ ডায়েরি করতে পাঠিয়েছিলেন শহীদনগরের এক বাসার গৃহকর্ত্রী সারিজা জামান।
কিন্তু এক ব্যক্তি নিখোঁজ টুনিকে থানায় নিয়ে এলে তার বক্তব্য শুনে এবং শরীরে নির্যাতনের চিহ্ন দেখে সারিজা জামানকে থানায় ডেকে পাঠানো হয় বলে পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবিদা সুলতানা জানান।
তিনি জানান, টুনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
টুনি থানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনায়, বাবার নাম সালাম মিয়া। দুই বছর ধরে শহীদনগরে সারিজার বাসায় সে কাজ করছে।
শরীরের বিভিন্ন স্থানে জখম দেখিয়ে টুনি বলে, গৃহকর্ত্রী সারিজা প্রায়ই তাকে নানা অজুহাতে মারধর করতেন। কথায় কথায় চড়-থাপ্পর তো চলতই, মাঝে মাঝে শরীরে নখ দিয়ে আঁচড়ে দিতেন।
পুলিশ কর্মকর্তা আবিদা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে শুঁটকি কেনার জন্য বাসা থেকে বের হয় টুনি।বাসার কাছে একটি মুদি দোকানের সামনে তাকে কাঁদতে দেখে সোহেল সরদার নামে এক যুবক কেউ মেরেছে কিনা জানতে চায়।
সে সময় টুনি গৃহকর্ত্রীর পিটুনির কথা জানিয়ে শরীরের জখম দেখায়। সোহেল পরে টুনিকে নিজের বাসায় নিয়ে যায় বলে জানান আবিদা সুলতানা।
“সোহেল বিকালে টুনিকে থানায় নিয়ে গেলে পুলিশ কর্মকর্তারা টুনির কপাল ফোলা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান।”
অন্যদিকে টুনি না ফেরায় গৃহকর্ত্রী সারিজা থানায় নিখোঁজের জিডি করার জন্য লোক পাঠিয়েছিলেন। কিন্তু পুলিশ জিডি না নিয়ে সারিজা জামানকে থানায় তলব করে বলে আবিদা সুলতানা জানান।
সারিজা জামানের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে এই পুলিশ কর্মকর্তা জানান।
