২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পেট্রোল বোমায় দগ্ধ অটোরিকশা যাত্রীর মৃত্যু

বিএনপি জোটের অবরোধ-হরতালে চট্টগ্রামে পেট্রোল বোমায় দগ্ধ তরুণ মোহাম্মদ ইদ্রিছ ছয় দিন পোড়ার যন্ত্রণায় ভুগে মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 06:54 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ইদ্রিছ (১৮) মঙ্গলবার বিকালে মারা যান।

তার মুখমণ্ডল, বুক ও দুই হাতসহ শরীরের ৩০ শতাংশ পুড়েছিল বলে বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মৃণাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

কক্সবাজারের পেকুয়া উপজেলার উত্তর গুয়াপুরার বাসিন্দা ইদ্রিছ বন্দর নগরীর অক্সিজেন এলাকায় স্টারশিপ কারখানায় কর্মরত ছিলেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গত ১১ ফেব্রুয়ারি পেকুয়ার বাড়ি থেকে নগরীতে ফেরার পথে শাহ মিরপুর এলাকায় পেট্রোল বোমায় দগ্ধ হন অটোরিকশার যাত্রী ইদ্রিছ।

ডা. মৃণাল চৌধুরী বলেন, “ইদ্রিছ আইসিইউতে চিকিৎসাধীন ছিল। বিকালে তার মৃত্যু হয়।”

ইদ্রিছের সঙ্গে টিটু আচার্য্য (৩৫) নামের আরেক ব্যক্তি দগ্ধ হন। তিনি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের লাগাতার অবরোধে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা ছেড়ে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। এতে দগ্ধ হয়ে এই পর্যন্ত অর্ধ শতাধিক মানুষ মারা গেছেন।