দায়রা জজ নিয়োগের দাবি ঢাকা আইনজীবী সমিতির
প্রায় আড়াই মাস ধরে শূন্য ঢাকা মহানগর দায়রা জজ পদে দ্রুত বিচারক নিয়োগের দাবি জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।
সোমবার দুপুরে পুরান ঢাকায় সমিতির সভাপতির কক্ষে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সমিতির সভাপতি মোহসীন মিয়া বলেন, ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েস ভারপ্রাপ্ত বিচারক হিসেবে আদালতের বিচার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। নিজ আদালতের কাজ সেরে মহানগর দায়রা জজ আদালতে পর্যাপ্ত সময় দিতে পারছেন না তিনি।
গত বছর ৫ ডিসেম্বর তৎকালীন ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক অবসরে গেলে গুরুত্বপূর্ণ এই পদটিতে এখনও কোনো বিচারক নিয়োগ দেয়নি সরকার।
সমিতির সাধারণ সম্পাদক মোসলেহউদ্দিন জসিম বলেন, ভারপ্রাপ্ত বিচারক ফৌজদারী বিবিধ মামলায় জামিন আবেদনের শুনানির তারিখ এক থেকে দেড় মাস পর ধার্য করছেন। পাসপোর্ট আইনের মামলায় যেখানে আসামির একদিনও জেলে থাকার কথা নয় সেখানে এক থেকে দেড় মাস পর ওইসব মামলায়ও জামিনের শুনানি করতে হচ্ছে।
“ওই কারণে বিচারপ্রার্থী মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।”
তারা জানান, গত ২৫ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনকালে সাতদিনের মধ্যে বিচারক পাওয়া যাবে বলে অশ্বস্ত করেছিলেন।
মোসলেহউদ্দিন বলেন, “কিন্তু তার ঘোষণার পর ২০ দিন চলে গেলেও বিচারক নিয়োগ দেওয়া হয়নি।
বিচারক নিয়োগের ব্যাপারে মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, সুপ্রিম কোর্টে ফাইল পাঠানো হয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিস বলছে, তারা ফাইল পাননি।”
অবিলম্বে ঢাকা মহানগর দায়রা জজ নিয়োগ দেওয়া না হলে আইনজীবী সমিতি অন্দোলনে নামতে বাধ্য হবে জানানো হয় সংবাদ সম্মেলনে।
