২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা: রাজধানীতে গ্রেপ্তার ২৭

অবরোধ-হরতালে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও হিযবুত তাহরীর ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 10:54 AM

Updated : 22 Aug 2022, 11:43 AM

মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়।

বিএনপি জোটের হরতাল-অবরোধে গাড়ি ভাংচুর, পেট্রোল বোমা নিক্ষেপসহ বিভিন্ন ধরনের নাশকতায় এদের সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশের অভিযোগ।

উপ-কমিশনার মাসুদ জানান, গ্রেপ্তারদের মধ্যে আটজন জামায়াত-শিবিরের, ১৭ জন বিএনপির এবং দুই জন হিযবুত তাহরীরের নেতাকর্মী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধের ডাক দেওয়ার পর প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে।

নাশকতার এসব ঘটনায় নিহতের সংখ্যা ৮০ ছাড়িয়ে গেছে, যাদের বেশিরভাগই পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা যান।

নাশকতাকারীদের ধরিয়ে দিতে সরকার, পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে পুরস্কারও ঘোষণা করা হয়েছে।