ফেনীতে কভার্ডভ্যানে বোমা হামলায় দগ্ধ ১
বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে ফেনীতে দুটি কভার্ডভ্যানে দুর্বৃত্তদের পেট্রোল বোমা ও হাতবোমা হামলায় একজন দগ্ধ হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মাহাবুব মোর্শেদ জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় এ ঘটনায় দুই চালক আহত হয়েছে।
এতে দগ্ধ হোসেন মিয়া এবং আহত দুই চালক আবদুল হালিম ও উদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদের মধ্যে হোসেন রামগতি উপজেলার চর মাটন এলাকার মো. ইদ্রিস মিয়ার ছেলে। আর হালিম মুন্সীগঞ্জের শ্রীনগর কাঠালবাড়ির আবদুর রাজ্জাকের ছেলে। উদয় শেরপুরের খোকনের ছেলে।
ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জাহাঙ্গির আলম জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী দুটি কভার্ডভ্যান মহাসড়কের লালপোল এলাকায় আসলে দুর্বৃত্তরা একটি পেট্রোল বোমা ও হাত বোমা ছুড়ে।
এতে একটি ভ্যানের চালকের পাশে থাকা হোসেন মিয়া দগ্ধ হয়। আর হাতবোমার স্প্লিন্টারে দুই চালক আহত হন।
ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ ও আহতদের ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ফেনী সদর হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসক ফয়েজ আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে হোসেন মিয়ার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।
স্প্লিন্টারে আহত অপর দুজনের অবস্থাও ভালো না হওয়ায় একই সঙ্গে তাদেরও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
