২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে অনুত্তীর্ণদের পোষ্য কোটায় ভর্তির দাবি ‘অন্যায্য’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ ৯৬ জনকে সোমবারের মধ্যে পোষ্য কোটায় ভর্তির দাবি জানিয়েছে একদল কর্মচারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 10:19 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

তবে শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবির মুখে পরীক্ষার সময় পোষ্যদের জন্য একবার শর্ত শিথিল করার পর এখন আবার অনুত্তীর্ণদের ভর্তির সুযোগ দাবি নিতান্তই অন্যায্য।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামে’র ব্যানারে আয়োজিত এক সভায় এই দাবি না মানলে মঙ্গলবার ও বুধবার কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।

কর্মচারীদের এই আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন ‘অন্যায়, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ নামে একটি প্লাটফরমের মুখপাত্র ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত পোষ্যদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা রাখে না। আমরা আগে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। যদি নতুন কোনো অযৌক্তিক সিদ্ধান্ত হয় আমরা প্রতিবাদ জানাব।”

কর্মচারীদের এই ধরণের দাবি বৈষম্যমূলক বলে ক্ষোভপ্রকাশ করলেন  ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাওন।

“আমরা সারা দেশের অনেক শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে এখানে ভর্তি হই। অথচ এই পোষ্যরা ভর্তি পরীক্ষায় যোগ্যতা কমিয়েও ন্যূনতম পাস নম্বর পায় না। আর এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অন্যায্য আন্দোলন করছে।

“পোষ্যদের গ্রেস দেওয়ার ঘটনা ঘটলে আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামব।”

২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে পোষ্যদের অনেকরই উচ্চ মাধ্যমিকের ফলাফল অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের প্রাথমিক যোগ্যতা না থাকলেও কর্মচারীদের আন্দোলনের মুখে ‘ভর্তি পরীক্ষায় গ্রেস নম্বর বা অন্য কোনো সুবিধা দেওয়া হবে না’ এই শর্তে পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা শিথীল করা হয়।

সেসময় সাধারণ শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করলে উপাচার্য তাদের ‘এবছর থেকে কোনো গ্রেস মার্ক (অতিরিক্ত নম্বর) দেওয়া হবে না’ বলে আশ্বাস দেন।

কিন্তু ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায়, মাত্র একজন পোষ্য মেধাতালিকায় উত্তীর্ণ হয়।

অন্যদিকে ৪৩ জন পোষ্য তাদের জন্য নির্ধারিত ৩৫ শতাংশ নম্বর পেয়ে ‘পোষ্য কোটায়’ ভর্তির সুযোগ পায়। বাকী প্রায় ৯৬ জন পোষ্য তাদের জন্য নির্ধারিত সর্বনিম্ন নম্বর না পাওয়ায় ভর্তির সুযোগ পায়নি।

এর পর ‘নিজেদের আয় কম, তাই সন্তানদের সুযোগ দিতে হবে’- এই যুক্তিতে অন্তত এ বছরের জন্য অনুত্তীর্ণ পোষ্যদের ভর্তির দাবিতে মাঠে নেমেছেন কর্মচারীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুল বলেন, “অতীতে বারবার বিভিন্নভাবে গ্রেস নম্বর দেওয়া হয়েছে। কোনো নীতিমালা অনুযায়ী ভর্তি করা হয়নি।

“তাই এই বছর আমাদের পোষ্যদের সুযোগ দেওয়া হোক। পরের বছর থেকে সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী পোষ্যদের ভর্তি করালে আমাদের আপত্তি থাকবে না।”

রোববার সকালে এই ‘সাধারণ সভা’য় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি, কর্মচারীরা সমিতি ও কর্মচারী ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতা এবং সদস্যরা বক্তব্য দেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের দাবি অনুযায়ী আমরা এবছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের শর্ত শিথিল করেছিলাম। এখন তারা যে দাবি তুলছেন সেটা অগ্রহণযোগ্য। আমরা চেষ্টা করব নিয়মের কোনো ব্যত্যয় না ঘটাতে।”

উল্লেখ্য ২০১০-২০১১ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় গ্রেস নম্বর দেওয়ার প্রথা চালু হয়।