২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানায় বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে আহত ৩

যশোর কোতোয়ালি থানায় বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে দুই সেনা সদস্য ও এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 02:15 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

পুলিশ সুপার আনিসুর রহমান জানান, রোববার বেলা সাড়ে ১২টার দিকে থানার ভেতরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সার্জেন্ট বাবর ও সৈনিক কোরবান এবং যশোর কোতোয়ালি থানার কনস্টেবল জাফর।

তাদের যশোর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে কোতোয়ালির ওসি এনামুল হক জানান।

এসআই সোলাইমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে যেসব হাতবোমা উদ্ধার করেছে, সেগুলো নিষ্ক্রিয় করার সময়ই এ দুর্ঘটনা ঘটে।  

“বোমা নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল আসে। তারা থানার ভেতরে বোমাগুলো নিষ্ক্রিয় করার সময় একটি বিস্ফোরিত হয়। এতে দুই সেনা সদস্য ও এক পুলিশ কনস্টেবল আহত হন।”

তাদের শরীরের নিচের অংশে বোমার স্প্লিন্টারের জখম হয়েছে বলে জানন তিনি।