আসামি হাজির না করার ব্যাখ্যা পুলিশের কাছে চেয়েছে ট্রাইব্যুনাল
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জে দুই ব্যক্তিকে আটকের ২৪ ঘণ্টার মধ্যে হাজির না করায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং হবিগঞ্জ জেলার পুলিশ সুপারকে ব্যাখ্যা দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
একইসঙ্গে আটক সহোদর মহিবুর রহমান ওরফে বড়মিয়া ও মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়ার বিরুদ্ধে আগামী ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল।
মহিব ও মুজিবকে ওই দিন পর্যন্ত কারাগারে রাখার নির্দেশও দেওয়া হয় ট্রাইব্যুনালের আদেশে।
গত ১০ ফেব্রুয়ারি প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের বানিয়াচংয়ের এই দুই ভাইকে গ্রেপ্তারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল-২। ওইদিনই তাদের দুজনকে বানিয়াচং থেকে গ্রেপ্তার করে জেলা পুলিশ।
আইন অনুযায়ী কোনো মামলায় গ্রেপ্তারকৃতদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার কথা। তবে এই দুই ভাইকে প্রায় ৪৮ ঘণ্টা পর হাজির করায় আইজিপি ও হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
