নাশকতার প্রতিবাদ শাবি শিক্ষকদের
বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে মানুষ পুড়িয়ে মারার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা’।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, "তথাকথিত হরতাল ও অবরোধ ডেকে পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। এতে কারো বাবা, কারো মা কিংবা কারো ভাই-বোন আগুনে পুড়ে মরছে।
“বিএনপি জামায়াত এসব হরতাল অবরোধের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা ও অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।"
সকলের সম্মিলিত প্রচেষ্টাই রুখে দিতে পারে এ সকল ধ্বংসযজ্ঞকে, তাই নিজেদের অবস্থান থেকে সন্ত্রাসকে রুখে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক আব্দুল আউয়াল বিশ্বাস, অধ্যাপক আব্দুল গণি, অধ্যাপক শরীফ মো. শরাফ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
