সহিংসতায় প্রাণহানিতে ‘মর্মাহত’ বার্নিকাট
বিএনপি জোটের চলমান অবরোধের মধ্যে যেভাবে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, তাতে ‘মর্মাহত’ হয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাতে চলমান পরিস্থিতি নিয়ে তিনি এই ভাব ব্যক্ত করেন বলে বৈঠকসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বার্নিকাট বলেন, “এটা খুবই বেদনাদায়ক। এটা (চলমান সহিংসতা) কোনো উপায় হতে পারে না।”
এসময় রাজনৈতিক বিক্ষোভ ‘সুসংগঠিত এবং নিয়ন্ত্রিত হওয়া উচিত’ বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত।
চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতির মধ্যে গত ২৫ জানুয়ারি বাংলাদেশে আসেন বার্নিকাট।
গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তির দিনে নতুন নির্বাচনের দাবিতে লাগাতার অবরোধ ডাকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।
একমাসের বেশি সময় ধরে চলমান অবরোধে ও ফাঁকে ফাঁকে হরতালের মধ্যে গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে এবং আগুন দিয়ে ৬০ জনের বেশি মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। এছাড়া আগুনে দগ্ধ হয়ে এবং বোমার আঘাতে দেড়শতাধিক মানুষ আহত হয়েছে।
বাস পুড়িয়ে, পেট্রোল বোমা ছুড়ে এবং ট্রেন লাইনচ্যুত করে নিরপরাধ মানুষকে হতাহত করার ঘটনায় নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, গণতান্ত্রিক বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো যৌক্তিকতা নেই।
এর আগে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের পর এক বিবৃতিতে তিনি বলেন, ‘নিরাপদ ও সহনশীল’ বাংলাদেশের উন্নয়নে কাজ করার তার পরিকল্পনা রয়েছে এবং মধ্য-আয়ের দেশ হওয়ার লক্ষ্যমাত্রা অর্জনেও তিনি সহযোগিতা করবেন।
তবে বিএনপিবিহীন ওই নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছিল। বার্নিকাটও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ছাড়পত্র পাওয়ার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির শুনানিতে ওই নির্বাচনকে ‘ত্রুটিপূর্ণ’ বলেছিলেন।
সোমবার বৈঠকের সময় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিস্ময় প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীও ভবিষ্যতে দুদেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলে পুনর্ব্যক্ত করেন।
দুদেশের মধ্যে অংশীদারিত্ব, নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে সংলাপ এবং টিকফা কাউন্সিল বৈঠকের কথা উল্লেখ করে শাহরিয়ার বলেন, নিয়মিত বার্ষিক সংলাপ ও পরামর্শ সভার ‘একটি দৃঢ় কাঠোমোগত রূপরেখা’র উপর সম্পর্ক প্রতিষ্ঠিত।
এছাড়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও দণ্ডিত খুনী রাশেদ চৌধুরী এবং একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল বদর নেতা আশরাফুজ্জামান খানকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনার বিষয়টিও তুলে ধরেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশের অনুরোধ আবারও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে যুক্তরাষ্ট্র অন্যতম শীর্ষ দেশ উল্লেখ করে তিনি বলেন, গত পাঁচ বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বৈদেশিক বিনিয়োগ ১৩ শতাংশ হয়েছে।
তিনি বলেন, এযাবত জ্বালানি ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতেই যুক্তরাষ্ট্রের বিনিয়োগ কেন্দ্রীভূত রয়েছে।
“নির্মাণ, অবকাঠামো, সেবা ও উন্নত প্রযুক্তির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বকে স্বাগত জানাবে বাংলাদেশ।
বাংলাদেশ কোস্ট গার্ডকে জোরদারকরণ, ন্যাশনাল কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি গঠন, শান্তিরক্ষী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করা আগ্রহকেও স্বাগত জানান তিনি।
