২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ জোরদার সম্পর্ক চান বার্নিকাট

ঢাকা-ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে ‘সরকারের প্রত্যেকের’ সঙ্গে কাজ করে যাবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 08:12 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

বৃহস্পতিবার বাংলাদেশে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে হাজির হয়ে তিনি বলেন, “আমাদের মধ্যে বড় ও বিস্তৃত সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরো জোরদার করতে আমাকে প্রত্যক্ষ ক্ষমতা দেওয়া হয়েছে এবং আগামীতে আমি তা অর্জন করতে চাই।”

আগের দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পর বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে দেখা করেন তিনি।

সাক্ষাতের পর বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, “এখানে আসতে পেরে আমি খুব রোমাঞ্চিত।

“পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক ছিল ‘অন্যরকম উষ্ণ’ এবং ‘তিনিসহ সরকারের প্রত্যেকের সঙ্গে কাজ করব বলে আমি অপেক্ষায় আছি’।

“আমি খুবই গর্বিত যে স্বাস্থ্য, শিক্ষা ও সন্ত্রাসবাদ প্রতিরোধসহ প্রায় সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সত্যিকারের অংশীদার।”

তবে সংক্ষিপ্ত এই ব্রিফিংয়ে কোনো প্রশ্ন গ্রহণ করতে রাজি না হয়ে তিনি জানান, শিগগিরই তিনি সংবাদ সম্মেলন করবেন।

৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তির দিনে সমাবেশ করতে না পেরে বিএনপিসহ বিরোধী জোটের ডাকা অবরোধের মধ্যে গত ২৫ জানুয়ারি বাংলাদেশে আসেন বার্নিকাট।

বিএনপিবিহীন ওই নির্বাচনের পর যুক্তরাষ্ট্রও বাংলাদেশে নতুন নির্বাচনের আহ্বান জানায়। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ছাড়পত্র পাওয়ার আগে বার্নিকাটও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির শুনানিতে ওই নির্বাচনকে ‘ত্রুটিপূর্ণ’ বলেছিলেন।

তবে বুধবার পরিচয়পত্র পেশের পর এক বিবৃতিতে তিনি বলেন, ‘নিরাপদ ও সহনশীল’ বাংলাদেশের উন্নয়নে কাজ করার তার পরিকল্পনা রয়েছে এবং তিনি মধ্য-আয়ের দেশ হওয়ার লক্ষ্যমাত্রা অর্জনেও তিনি সহযোগিতা করবেন।

পেশাদার কূটনীতিক বার্নিকাট বাংলাদেশে আসার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানব সম্পদ বিষয়ক ব্যুরোতে উপ-সহকারী সচিব পদে দায়িত্বে ছিলেন।

২৭ বছরের কূটনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন বার্নিকাট দক্ষিণ এশিয়া নিয়েও কাজ করেছেন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া ব্যুরোতে কাজ করেন বার্নিকাট। এ সময় তার আওতায় ছিল ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান।

লাফায়েত কলেজ থেকে স্নাতক এবং জর্জটাউন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া বার্নিকাট ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত গিনি বিসাউ ও সেনেগালে রাষ্ট্রদূতের দায়িত্ব সামলানোর আগে বার্বাডোজ ও মালাবিতে উপ রাষ্ট্রদূতের পদে ছিলেন।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেও কূটনৈতিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের নয়াদিল্লি মিশনে কাজ করেন। তার আগে ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কাজ করেছেন নেপাল ডেস্ক অফিসার হিসেবে।