২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পাহাড় ধসে দুই শ্রমিক নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পাহাড়ে চীনামাটি সংগ্রহের সময় মাটি ধসে মারা গেছেন দুই শ্রমিক।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 01:42 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

নিহতরা হলেন, উপজেলার গোলগাও গ্রামের সুন্দর আলীর ছেলে আব্দুল গণি (৫০) ও একই গ্রামের আব্দুস সহিদের ছেলে জুয়েল আহমেদ (১৫)।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, সকাল ৯টার দিকে গোলগাও গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, ওই গ্রামের কয়েকজন মাটিকাটা শ্রমিক গোলগাও পাহাড়ে সুরঙ্গ তৈরি করে চিনা মাটি সংগ্রহ করতে যান। এ সময় উপর থেকে তাদের উপর পাহাড়ের মাটি ধসে পড়লে ঘটনাস্থলেই আব্দুল গণি ও জুয়েল আহমেদ মারা যান এবং অপর দুজন আহত হন।

পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নিহতের স্বজনরা জানান, স্থানীয় ব্যবসায়ী দানিছ মিয়া ওই পাহাড় থেকে শ্রমিক দিয়ে চিনা মাটি কেটে বিক্রি করেন। আজও (সোমবার) শ্রমিকরা ২৫০ টাকা দৈনিক মজুরিতে পাহাড়ে মাটি কাটতে গিয়েছিল।