২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রন্থমেলা: পাঠকদের পছন্দে চেনা লেখকরাই

বিএনপি জোটের টানা অবরোধ আর হরতালের আবহে বেচাকেনার যেমন শঙ্কা করছিলেন প্রকাশকরা তার চেয়ে ভালো সাড়া মিলছে অমর একুশে গ্রন্থমেলায়। তবে পাঠকদের আগ্রহে সেই পরিচিত লেখকরাই, খ্যাতিমানদের বইয়ে কাটতি বেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 12:21 AM

Updated : 25 Apr 2022, 12:59 PM

এক সপ্তাহের বেচাবিক্রির পর এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রকাশক ও বিপণনকর্মীরা।

অষ্টম দিনে নতুন ১৩০টি বই এসেছে গ্রন্থমেলায়। এর মধ্যে ২০টি গল্পগ্রন্থ, ২৩টি উপন্যাস, ৩টি প্রবন্ধ, ৩৯টি কবিতা, ৫টি গবেষণাগ্রন্থ, ৪টি ছড়ার বই, একটি মুক্তিযুদ্ধ বিষয়ক, একটি নাটক এবং পাঁচটি বিজ্ঞান বিষয়ক বই রয়েছে।

এই কয়দিনে শুধু বাংলা একাডেমির নিজস্ব স্টলেই বিক্রি হয়েছে ২২ লাখ ৬১ হাজার ৩৬ টাকার বই।

রোববার অমর একুশে গ্রন্থমেলা ঘুরে দেখা যায়, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অধ্যাপক জাফর ইকবাল, নির্বাসিত লেখক তসলিমা নাসরিন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, উপন্যাসিক ইমদাদুল হক মিলনসহ অন্যান্য লেখকদের বই দেদার বিক্রি হচ্ছে।

আগামী প্রকাশনীর বিপণনকর্মী শরীফ হাসান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই শেখ মুজিব আমার পিতা, তসলিমা নাসরিন রচিত গদ্যপদ্য, শাহাদুজ্জামানের কলাম, নিবন্ধ ও বক্তৃতা সংকলন কাগজের নৌকায় আগুনের নদী বিক্রির শীর্ষে রয়েছে।

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি এবারও ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকার শীর্ষে রয়েছে বলে জানান প্রকাশনার বিক্রয়কর্মী কামরুজ্জামান।

এছাড়া আখতারুজ্জামান ইলিয়াসের লেখা চিলেকোঠার সেপাই, মঈদুল হাসানের মূলধারা ৭১, আকবর আলি খানের পরার্থপরতার অর্থনীতিও ভালো বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

বাংলা একাডেমির বিক্রয়কর্মী মো. রফিকুল ইসলাম জানান, একাডেমি থেকে প্রকাশিত ইংরেজি থেকে বাংলা অভিধান পাচশতাধিক বিক্রি হয়েছে, যা আপাতত সর্বোচ্চ।

এছাড়া মুহাম্মদ হাবিবুর রহমান রচিত কোরানসূত্র, আবুল ফজল আল্লামী রচিত আইন ই আকবরী, শামসুজ্জামান খান সম্পাদিত বাংলা সন ও পঞ্জিকার ইতিহাস চর্চা এবং বৈজ্ঞানিক সংস্কার বিক্রির তালিকায় শীর্ষ রয়েছে।

অন্যপ্রকাশের সানাউল কবির কিরণ জানান, প্রতিবারের মতো এবারও হুমায়ুন আহমেদের বইগুলো বেশি বিক্রি হচ্ছে। বিক্রির তালিকার শীর্ষস্থানীয় বইগুলো হচ্ছে দেয়াল, জোৎস্না ও জননীর গল্প, মুর্ধণ্য, লীলাবতীর মৃত্যু, লীলাবতী।

অনুপম প্রকাশনীর মিলন কান্তি নাথ জানান, সুমন্ত আসলামের লেখা কিশোর উপন্যাস বিচ্ছু বাহিনী, জহির রায়হানের উপন্যাস ও গল্প সমগ্র পাঠক আগ্রহ বেশি কুড়াচ্ছে।

মাওলা ব্রাদার্সের ব্যবস্থাপক অনুপ দত্ত জানান, হরিশংকর জনদাসের লেখা মাকাল লতা, আহমদ ছফার যদ্যপি আমার গুরু, জাফর ইকবালের গাব্বু, শাহাদুজ্জামানের লেখা ক্র্যাচের কর্নেল তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে।

অনন্যা প্রকাশনী থেকে মেলায় আসা ইমদাদুল হক মিলনের উপন্যাস সুরভি, ভূত এসে দেখা করে গেল, আনিসুল হকের লেখা যখন আমি মটকু ছিলাম, সুমন্ত আসলামের কোনো কোনো রাত একলা এমন।

দিব্য প্রকাশন থেকে বের হওয়া অনুবাদ গ্রন্থ দুনিয়া কাঁপানো তৈমুর লং, সোহরাব সুমনের অনুবাদ গ্রন্থ দ্য ট্রাভেলস অব মার্কো পলো, সোহরাব সুমন অনুদিত চিনুয়া আচেবে লেখা বই যুদ্ধের মেয়ে।

এবারের মেলায় সময় প্রকাশন থেকে আসা নতুন বইগুলোই আছে পাঠকের পছন্দের তালিকায়। মুহাম্মদ জাফর ইকবালের লেখা সেরিনা, আনিসুল হকের লেখা মায়ের কাছে যাব, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা গাঙচিল, জীবন স্মৃতি সব মনে নেই’ কিনতে বেশি আগ্রহ দেখাচ্ছেন পাঠকরা।