রাবিতে ক্লাস-পরীক্ষা ঠেকাতে তালায় ‘সুপার গ্লু’
ছাত্রদলের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে ক্লাস-পরীক্ষা ঠেকাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব ভবনের ফটকের তালায় ‘সুপার গ্লু’ দিয়ে আটকে দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার সকালে এ ঘটনা জানাজানির পর তালাগুলো ভেঙে ফেলা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজ্ঞান ভবন, মমতাজউদ্দিন কলা ভবন, শহীদুল্লাহ কলা ভবন, রবীন্দ্র ভবনসহ বিভিন্ন একাডেমিক ভবনের বিভাগীয় অফিস এবং কিছু বিভাগের শ্রেণিকক্ষের তালায় সুপার গ্লু লাগানো দেখা যায়।
আইন বিভাগের শিক্ষক অধ্যাপক এম আহসান কবির বলেন, সকাল সাড়ে ৯টা থেকে বিভাগে কয়েকটি বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
“কিন্তু অফিসকক্ষের তালায় আঠা লাগানো থাকায় সময়মতো পরীক্ষা শুরু করতে পারিনি আমরা। যাদের পরীক্ষা নেওয়ার কথা তারাও সবাই আসেনি। এক কথায় এ ঘটনায় আমি স্তব্ধ।”
শুক্রবার রাতে সুপার গ্লু লাগানো হয়েছে বলে ধারণা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রক্টর তারিকুল হাসান বলেন, “রাতে একাডেমিক ভবনের কিছু কক্ষের তালায় সুপার গ্লু লাগিয়েছিল ছাত্রদলকর্মীরা।
“আমরা পরে তালাগুলো খুলে ফেলেছি।”
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে আটকের প্রতিবাদে শনিবার থেকে ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।
বিএনপি নেতৃত্বাধীন জোটের লাগাতার অবরোধের মধ্যে গত ২১ জানুযয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের প্রথম দিন কয়েকটি ভবন ও বিভাগের ফটকের তালায় সুপার গ্লু দিয়ে আটকে দেওয়া হয়।
