২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমানা জটিলতা কাটলে ডিসিসি নির্বাচন: মন্ত্রী

সীমানা নিয়ে বিদ্যমান জটিলতা কাটলে তবেই ঢাকা সিটি করপোরেশনের দুই ভাগে নির্বাচন হবে বলে সংসদে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 07:56 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

সোমবার জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের অনুপস্থিতিতে তিনিই প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

বিকালে ডিপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সাংসদ হাজী সেলিম বলেন, সেবা দেওয়ার কথা বলে ডিসিসিকে দুই ভাগ করা হলেও জনগণ বাস্তবে সেই সেবা পাচ্ছে না।

“ছয় মাসের জন্য প্রশাসকদের যে দায়িত্ব দেওয়া হয়- যেই আসে সেই লুটপাট। ভোটের কথা বলা হলে সীমানা জটিলতার কথা বলা হয়ে থাকে। কিন্তু জনগণ জানতে চায়- কবে নাগাদ ডিসিসি নির্বাচন দেওয়া হবে?”

জবাবে মশিউর রহমান রাঙ্গা বলেন, “এখানে (সীমানা পুনর্নির্ধারণ নিয়ে) সমস্যা রয়েছে। ডিসিসি নির্বাচন করতে আইনগত জটিলতা রয়েছে। আইনের বাইরে কেউ যেতে পারব না, হাই কোর্ট-সুপ্রিম কোর্টের বাইরে আমরা যেতে পারব না। যখনই এ জটিলতা শেষ হবে, তখনই আমরা নির্বাচন দিতে পারব।”

প্রতিমন্ত্রী জানান, আপাতত নগরবাসী ও রাস্তাঘাটের সমস্যা থাকলে স্থানীয় সরকার মন্ত্রণালয় তার সমাধান করবে।

স্থানীয় সরকার বিভাগের অনুরোধেই স্থানীয় সরকারের ভোটের আয়োজন করে নির্বাচন কমিশন। এর আগে সীমানা নির্ধারণ সংক্রান্ত কাজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেই সম্পন্ন করতে হয়।

কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ সোহরাব উদ্দিনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রীর পক্ষে মশিউর রহমান রাঙ্গা জানান, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংখ্যা ও এলাকা নির্ধারণ করে গেজেট নোটিফিকেশনের কপি জেলা প্রশাসকের কাছ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে।

উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশনকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।

১৪.৫ লাখ নলকূপে আর্সেনিক

বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমানের তারকা চিহ্নিত প্রশ্নে স্থানীয় সরকার মন্ত্রীর পক্ষে জানানো হয়, দেশের ২৭১ উপজেলার ৫০ লাখ নলকূপের আর্সেনিক পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৪ দশমিক ৫ লাখ বা ২৯ শতাংশ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত (৫০ পিপিবি এর বেশি) আর্সেনিক পাওয়া গেছে।

পুরনো খবর:

ডিসিসি নির্বাচনের জট খুলছে