ফেনীতে ডাকাতের হামলায় গৃহবধূর মৃত্যু, অস্ত্রসহ গ্রেপ্তার ৩
ফেনী সদর উপজেলায় এক বাড়িতে ডাকাত দলের হামলায় এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
এ ঘটনায় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত প্রতীমা চক্রবর্তী পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামের বিনোলাল চক্রবর্তীর স্ত্রী। বিনোলাল চক্রবর্তীসহ আহত দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, শুক্রবার গভীর রাতে নিজবাড়িতে ডাকাতের হামলায় আহত হওয়ার পর শনিবার বিকালে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রতীমা।
গ্রেপ্তারকৃতরা হলেন- গিয়াস উদ্দিন, মিঠু ও ফয়সাল। গিয়াস দাগনভূঞার উপজেলার জায়লস্কর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে। বাকিদের পরিচয় জানা যায়নি।
তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি কার্তুজ, দেশি অস্ত্র, ৬টি মোবাইল ফোন সেট ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয় বলে জানান পুলিশ পরিদর্শক।
স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে ঠাকুর বাড়ির বিনোলাল চক্রবর্তীর বসতঘরে ৮/১০ জন লোক পুলিশ পরিচয়ে ঘরের ঢুকে প্রতীমা চক্রবর্তী ও ছেলে পলেন চক্রবর্তীসহ তিনজনকে কুপিয়ে আহত করে।
তারা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ হাজার টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল ফোন সেটসহ বিভিন্ন মালামাল লুট করে। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজসহ গিয়াস উদ্দিনকে আটক করে পিটুনি দেয়।
পরে শনিবার ভোরে আটক গিয়াসকে অস্ত্রসহ পুলিশে দেওয়া হয়। গিয়াসকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির মালামালসহ বাকি দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে পরিদর্শক শাহীনুজ্জামান জানান।
