২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেক মামলায় ফখরুলকে গ্রেপ্তারে পরোয়ানা

আরও একটি মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 07:37 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বাংলাদেশ মৎস্যজীবী লীগের সহ-সভাপতি এসএম নূর-ই-আলমের দায়ের করা মামলায় বৃহস্পতিবার মহানগর হাকিম মো. আতাউল হক এই আদেশ দেন।

দুদিন আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকীর করা অপর একটি মানহানির মামলায় ফখরুল ও বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর হাকিম আনোয়ার ছাদাত।

নাশকতার একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ৬ জানুয়ারি থেকে কারাগারেই রয়েছেন মির্জা ফখরুল।

বাদির আইনজীবী শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মির্জা ফখরুল যেহেতু কারাগারে রয়েছেন, সে কারণে এই পরোয়ানা হাজতি পরোয়ানা হিসেবে বিবেচিত হবে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

গত বছরের ২৪ অগাস্ট বিএনপির কেন্দ্রীয় কার‌্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনি এবং তার দলকে খুনির দল’ আখ্যা দিয়ে বক্তব্য দেন মির্জা ফখরুল। বিষয়টি নিয়ে গত ১ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করা হয়।

পল্টন থানার তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আদালত থেকে ফখরুলের বিরুদ্ধে সমন জারি করা হয়।

বৃহস্পতিবার শুনানি শেষ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এসময় মির্জা ফখরুলের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।