ডাকাতিতে বাধা দেওয়ায় গুলি করে হত্যা
মাদারীপুরের শিবচরে প্রতিবেশীর বাড়িতে ডাকারিত সময় বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ডাকাতির শিকার পরিবারটির বরাত দিয়ে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু বকর সিদ্দিক জানান, বুধবার গভীর রাতে উপজেলার ভদ্রাসনে ওই ঘটনায় ডাকাতদের মারধরে আহত হয়েছেন আরও তিনজন।
ডাকাতরা ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পাঁচ লাখটাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
আবু বকর জানান, রাত আড়াইটার দিক ১৫/২০ জনের ডাকাতদল ভদ্রাসন গ্রামের মুদি ব্যবসায়ী অনিল সাহার বাড়িতে দরজা ভেঙ্গে ঢুকে পরিবারের সদস্যদের মারধর শুরু করে।
তাদের চিৎকারে পাশের বাড়ি থেকে বেকারি ব্যবসায়ী জাহাঙ্গীর ব্যাপারী অনিল সাহার বাড়িতে ঢুকে ডাকাত দলকে বাধা দিলেও ডাকাতরা তাকেও অস্ত্রের মুখে আটকে রাখে।
“লুটপাট শেষে যাওয়ার সময় জাহাঙ্গীরকে ধরে বাড়ির পাশের সড়কে নিয়ে গুলি করে।”
নিহত জাহাঙ্গীরের চোখে ও ঘাড়ে গুলির চিহৃ রয়েছে বলে জানান এএসপি আবু বকর।
লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে বলেও জানান তিনি।
