২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পুলিশের দুই গাড়ির সংঘর্ষে এসআইসহ আহত ৮

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশেষ অভিযানে যাওয়ার সময় পুলিশের একটি গাড়িতে আরেকটির ধাক্কায় এক এসআইসহ আটজন আহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 11:02 AM

Updated : 22 Aug 2022, 11:31 AM

সুন্দরগঞ্জ থানার ও সি মোজাম্মেল হক জানান, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার নিজপাড়া আনোয়ারের মোড় এলাকায় সুন্দরগঞ্জ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত এসআই আব্দুল জলিল, পুলিশ কনস্টেবল ধলু মিয়া, আতাউর রহমান, আবু বক্কর ও রাসেল মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অন্য তিনজনের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।

মোজাম্মেল হক জানান, রাত ৯টার দিকে একটি রিকুইজিশন করা ‘ম্যাজিক গাড়ি’ ( পিক-আপ ভ্যানে ছাউনি দিয়ে যাত্রী পরিবহন করা হয়) ও থানার পিক-আপে করে পুলিশ সদস্যরা জামায়াত-শিবির অধ্যুষিত উপজেলার ডোমেরহাট এলাকায় বিশেষ অভিযানে যাচ্ছিলেন।

“পথে ওই এলাকায় সামনের ভ্যানটি হঠাৎ থেমে গেলে পেছন থেকে ম্যাজিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই গাড়িতে থাকা আটজন আহত হন।”