মেঘনা থেকে ২ যুবকের লাশ উদ্ধার
ট্রলারডুবিতে নিখোঁজের এক সপ্তাহ পর মেঘনা নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইস্মানিরচর ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরহোগলা এলাকায় লাশ দুটি পাওয়া যায়।
মৃতরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের হজরত আলীর ছেলে দিনমজুর ঈমান আলী (২২) ও একই উপজেলার প্রয়াত মঙ্গল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৭)।
সোনারগাঁ থানার এসআই অজয় কুমার পাল ও মুন্সীগঞ্জের গজারিয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই সাখাওয়াত হোসেন লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।
সোনারগাঁ থানার এসআই অজয় কুমার পাল জানান, এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জের শম্ভুপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে বালুবোঝাই ভলগেটের ধাক্কায় মাটিভর্তি একটি ট্রলার ডুবে যায়। এ সময় এ দুই মাটিকাটা শ্রমিক নিখোঁজ হন।
এই ঘটনায় সোনারগাঁও থানায় মামলা হওয়ায় লাশ সোনারগাঁও থানায় নেওয়া হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মর্গে নেয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
