কয়েদীর পলায়ন: কারারক্ষী বরখাস্ত
ঝালকাঠী জেলা কারাগার থেকে কয়েদী পালিয়ে যাওয়ার ঘটনায় এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
বরখাস্ত আব্দুর রব কারাগারের ভারপ্রাপ্ত প্রধান কারারক্ষীর দায়িত্ব পালন করে আসছিলেন।
জেল সুপার মো. বুলবুল আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে ওই কারারক্ষীকে কারাগারের বরিশাল উপ-মহাপরিদর্শকের নির্দেশে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার সকালে ঝালকাঠী জেলা কারাগার থেকে মনির হোসেন নামে তিন বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদী পালিয়ে যান। একটি চুরির মামলায় ২০১৪ সাল থেকে সাজা খাটছিলেন তিনি।
সাজাপ্রাপ্ত ওই আসামি পলায়নের ঘটনা একজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি তদন্ত করছে বলে জানান জেল সুপার মো. বুলবুল আহম্মেদ।
