চট্টগ্রাম বন্দর এলাকায় অগ্নিকাণ্ড
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল এলাকায় পরিত্যক্ত একটি কাপড়ের স্তুপে অগ্নিকাণ্ড হয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল খালেক জানান, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে নগরী সল্টগোলায় বন্দরের কনটেইনার টার্মিনাল (সিসিটি) দুই নম্বর গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা গিয়ে সকাল সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অসাবধানে ফেলা সিগারেট থেকে পুরনো কাপড়ের টুকরো, মাদুর ও টায়ারের ওই স্তূপে আগুন লেগে যায় বলে ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি বলে জানান তিনি।
